শিশুকে বেঁধে সুচ ফুটিয়ে নির্যাতন!
মুঠোফোন চুরির অভিযোগে হাফিজুর রহমান (১০) নামের এক শিশুকে হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন জায়গায় সুচ ফুটিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাফিজুরকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাফিজুর শান্তিনগর এলাকার দিনমজুর মমিন মিয়ার ছেলে।
গতকাল সোমবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর শয্যায় যন্ত্রণায় হাফিজুর ছটফট করছে। তার পা ফুলে গেছে। দুই পায়ের পাতা, হাঁটু, দুই হাতের আঙুল ও হাতের তালুর উল্টো দিকে সুচ ফোটানোর ক্ষত। তার সেবা করছেন মা হাসিনা বেগম।
কান্নাজড়িত কণ্ঠে হাফিজুর জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রতিবেশী আবেদ আলীর লোকজন তাকে বাসায় ডেকে নিয়ে যায়। এরপর তার বিরুদ্ধে দুটি মুঠোফোন চুরির অভিযোগ আনা হয়। চুরির কথা স্বীকার না করায় প্রথমে হাত বেঁধে ঘরের আড়ায় ঝুলিয়ে তাকে বেদম পেটানো হয়। পরে দুই পা ও দুই হাত বেঁধে মেঝেতে ফেলে রাখা হয়। একপর্যায়ে আফজাল ও যুবরাজ সিরিঞ্জ দিয়ে হাত-পায়ের আঙুল ও হাঁটুতে খোঁচাতে থাকে। সে চিৎকার করলে তার গলা ও মুখ চেপে ধরা হয়।
হাসিনা বেগম জানান, বৃহস্পদিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তার ছেলের ওপর এ নির্যাতন চালানো হয়। নির্যাতনে ছেলের চিৎকার শুনে তিনি বারবার মূর্ছা যান। ওই প্রতিবেশীদের পায়ে ধরে অনেক কাকুতি-মিনতি করেও তাঁদের মন গলাতে পারেননি তিনি। পরে তিনি হাফিজুরকে আবেদের বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে নেন।
হাফিজুরের চিকিৎসার জন্য অর্থ সহায়তা করছেন আরেক প্রতিবেশী আমজাদ। তিনি বলেন, মুঠোফোন হাফিজুর নিয়েছে—এমন কোনো তথ্য মেলেনি।
হাফিজুরকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আবেদ বলেন, ‘হাফিজুর মুঠোফোন চুরি না করলেও কে চুরি করেছে তা সে জানে। তাই তাকে বাড়িতে আটকে রাখা হয়েছিল। হাফিজুরের মা-দাদিরাই আমার বাড়িতে তাকে (হাফিজুর) পিটিয়েছে।’
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মিয়া প্রথম আলোকে জানান, আবেদ, আফজাল ও যুবরাজকে অভিযুক্ত করে মমিন মিয়া একটি এজাহার দাখিল করেছেন।
উপরিদর্শক (এসআই) আবদুল গফুর বিষয়টি তদন্ত করছে। তদন্ত প্রতিবেদনের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।