শিশুকে মারধরের মামলায় এক ব্যক্তি জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক শিশুকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক শিহাবুল ইসলাম ওই নির্দেশ দেন।
গত মঙ্গলবার রাতে রাঙ্গাবালী থানা-পুলিশ সজীব নামে (১৩) ওই শিশুকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় টুঙ্গিবাড়িয়া গ্রাম থেকে ওয়াদুদ মল্লিককে গ্রেপ্তার করে।
রাঙ্গাবালীর মনিপাড়া গ্রামের আব্বাস চৌধুরী অভিযোগ করেন, নয়াভাঙ্গুনি গ্রামের সজীব দীর্ঘদিন ধরে তাঁর (আব্বাস চৌধুরীর) বাড়িতে কাজ করছে। গত সোমবার বিকেলে সজীব মাঠে খেলছিল। এ সময় টুঙ্গিবাড়িয়া গ্রামের ওয়াদুদ মল্লিকের একটি মহিষ তাঁর ছেলে রিয়ামকে তাড়া করে। তখন সজীব লাঠি দিয়ে মহিষটিকে পিটিয়ে সরিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মহিষটির মালিক ওয়াদুদ সজীবের গলায় গামছা পেঁচিয়ে এবং তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। রাঙ্গাবালী থানার ওসি মনির হোসেন বলেন, পুলিশ প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে।