শিশুকে যৌন হয়রানি, দিনমজুরের চুল কর্তন
বগুড়ার শেরপুর উপজেলায় এক দিনমজুরের বিরুদ্ধে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই দিনমজুরকে গত মঙ্গলবার রাতে মারধর করে চুল কেটে দিয়েছেন এক শিশুর বাবা।
দুটি ঘটনায় মঙ্গলবার রাতেই পৃথক দুটি মামলা হয়েছে। দিনমজুর (৫০) এবং শিশুর বাবা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।
উপজেলার একটি গ্রামের দিনমজুর বলেন, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তিনি বাড়ি যাচ্ছিলেন। পথে আওয়ামী লীগের ওই নেতা সহযোগীদের নিয়ে তাঁর পথ আগলে দাঁড়ান। পরে গ্রামের দুই শিশুকে যৌন হয়রানি করার ‘মিথ্যা অভিযোগ’ এনে তাঁকে মারধর করেন। একপর্যায়ে ব্লেড দিয়ে ওই নেতা তাঁর মাথার চুল এবড়োখেবড়ো করে কেটে দেন। তবে চুল কেটে দেওয়ার অভিযোগ অস্বীকার করে ওই নেতা বলেন, দিনমজুর সম্প্রতি তাঁর মেয়েশিশুকে যৌন হয়রানি করেন। এ কারণে তিনি তাঁকে মঙ্গলবার রাতে ডেকে এনে চড়-থাপ্পড় ও কিলঘুষি মারেন।
শেরপুর থানার এসআই আবদুল মজিদ সরকার বলেন, খবর পেয়ে রাত ১১টায় তিনি ঘটনাস্থল থেকে দিনমজুরকে উদ্ধার করে তাঁকে মারধর ও চুল কেটে দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের ওই নেতাকে আটক করেন।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, গতকাল বুধবার আদালতের মাধ্যমে দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।গতকাল দুপুরে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজীউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।