শিশুকে যৌন নির্যাতন, একজনকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আজ রোববার দুপুরে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। নির্যাতনের শিকার শিশুটিকে ভর্তি করা হয়েছে নাটোর আধুনিক সদর হাসপাতালে।

বড়াইগ্রাম থানার পুলিশ জানায়, রোববার বেলা একটার দিকে তিন বছরের এক শিশু তার বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী এক কিশোর ওই শিশুটিকে তার শয়ন ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। এতে শিশুটির শরীর রক্তাক্ত হয়। শিশুটির চিৎকারে তার মা ও প্রতিবেশীরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে এবং ওই কিশোরকে আটক করে। পরে তাকে বড়াইগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আহত শিশুটিকে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, শিশুটির চিকিৎসা চলছে। একজন নারী চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তার ওপর নির্যাতন চালানোর আলামত পাওয়া গেছে বলে নারী চিকিৎসকের কাছে তিনি জানতে পেরেছেন।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আটক কিশোরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।