শিশুকে যৌন নির্যাতন কিশোর গ্রেপ্তার
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তিন বছরের এক শিশুকে গত রোববার দুপুরে যৌন নির্যাতন করে মারাত্মক আহত করেছে এক বখাটে কিশোর। এলাকাবাসী হাতেনাতে আটক করে ওই কিশোরকে পুলিশে দিয়েছে। আহত শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, রোববার বেলা একটার দিকে এক শিশু তার বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী ওই বখাটে কিশোর শিশুটিকে নিজের ঘরে নিয়ে যৌন নির্যাতন করে। এতে শিশুটি রক্তাক্ত হয়। শিশুটির চিৎকারে তার মা ও প্রতিবেশীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে কিশোরটিকে হাতেনাতে আটক করে। পরে তাকে বড়াইগ্রাম থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহত শিশুটিকে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, শিশুটির চিকিৎসা চলছে। তাকে নির্যাতনের নমুনা পাওয়া গেছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আটক কিশোরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।