শিশুকে শিকলে বেঁধে নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু রাকিবের কোমরে বাঁধা শিকলের তালা খোলার চেষ্টা করছে পুলিশ l প্রথম আলো
শিশু রাকিবের কোমরে বাঁধা শিকলের তালা খোলার চেষ্টা করছে পুলিশ l প্রথম আলো

পটুয়াখালীর বাউফল পৌরসভায় গতকাল শুক্রবার সকালে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে শিকলে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় শিশুটির খালাতো ভাইসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাউফল বাজার এলাকায় একটি বিপণিবিতানে মো. রাকিব নামে শিশুটির ওপর নির্যাতন চালানো হয়।
মো. রাকিব উপজেলার বাকলা তাতেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। সে তাতেরকাঠী গ্রামের বাসিন্দা মো. আবদুল খালেক রাঢ়ীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে রাকিব তার বাবার জামার পকেট থেকে ১ হাজার ১০০ টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। গতকাল সকাল আটটার দিকে উপজেলা সদরের পাবলিক মাঠ-সংলগ্ন রিকশাস্ট্যান্ডে খালাতো ভাই মো. জুয়েল তাকে দেখতে পান। জুয়েল পরে রাকিবকে ওই বিপণিবিতানে নিয়ে যান এবং নিরাপত্তাকর্মী মো. খোকা মিয়ার সহযোগিতায় শিশুটিকে একটি কক্ষে শিকল দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তালা খুলে রাকিবকে উদ্ধার করে এবং জুয়েল ও খোকা মিয়াকে গ্রেপ্তার করে। জুয়েল সেখানকার একটি দোকানের কর্মী।
শিকলমুক্ত হয়ে রাকিব প্রথম আলোকে বলে, ‘আমার বাবার টাকা আমি নিছি। অগো কী? অরা আমারে জুতা দিয়া পিটাইছে। শিকল দিয়া বাইন্দা তালা মাইরা আটকাইয়া রাখছে।’
জুয়েল বলেন, ‘সে (রাকিব) আমার আপন খালাতো ভাই। খালু রাকিবকে আটকে রাখার জন্য বলেছিলেন। এ কারণে চড়-থাপড় দিয়ে শিকল দিয়ে আটকে রেখেছিলাম।’
রাকিবের বাবা আবদুল খালেক বলেন, ‘রাকিব আমার টাকা নিয়ে পালিয়েছিল। তারে কাছে রাখার জন্য জুয়েলকে বলেছি। কিন্তু শিকলে আটকে নির্যাতন করতে তো বলিনি।’
স্থানীয় মানবাধিকারকর্মী মো. লুৎফর রহমান বলেন, নির্যাতনের এই ঘটনা নির্মম। শিশুরা ভুল করতে পারে। তাদের নির্যাতন নয়, শোধরানোর জন্য স্নেহ ও ভালোবাসা দিতে হবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, ‘শিকলে বেঁধে নির্যাতনের এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন।’