শিশুকে শ্বাসরোধ করে ও তরুণকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আশরাফুল ইসলাম (১০) নামের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া গাইবান্ধার সাঘাটায় আল আমিন (২০) নামের এক তরুণকে গলা কেটে খুন করা হয়েছে। গতকাল বুধবার ওই দুজনের লাশ উদ্ধার করা হয়।
আশরাফুলের পরিবার ও শাহজাদপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ঘোড়শাল গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আশরাফুলের লাশ গতকাল সকালে এলাকাবাসী গ্রামের মোল্লা মার্কেটের পূর্ব পাশে খালি জায়গায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইকবাল শামীম জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় শিশুটি নিখোঁজ হয়। খবর পেয়ে গতকাল তারা শিশুটির লাশ উদ্ধার করে। নিহত শিশুর শরীরে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমাজমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন থানায় একটি হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আল আমিনের পরিবার ও সাঘাটা থানার পুলিশ সূত্রে জানা গেছে, আল আমিন উপজেলার বারকোনা বাজারে একটি স্বর্ণালংকারের দোকানে কাজ করতেন। তিনি রাতে দোকানেই থাকতেন। গতকাল সকালে স্থানীয় লোকজন বারকোনা গ্রামের একটি ধানখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ এসে আল আমিনের গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বারকোনা গ্রামের মিলন মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আল আমিন উপজেলার দইচড়া গ্রামের আবদুল হালিমের ছেলে।
সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) কাওছার আলী জানান, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাঁকে খুন করে সেখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।