শিশুকে শ্লীলতাহানি সালিসে জরিমানা করে মীমাংসা!
নড়াইলে শ্লীলতাহানির অভিযোগ এনে সালিসে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের গোপীকান্তপুর গ্রামের সর্বজনীন মন্দিরের সামনে এ সালিস হয়।
সালিসে উপস্থিত ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, এ সালিসে ওই ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন, স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জীবন বিশ্বাস, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সালিসে অভিযোগ করা হয়, গোপীকান্তপুর গ্রামের সুশেন বিশ্বাস ওই গ্রামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুর (৭) কয়েক দিন আগে শ্লীলতাহানি করেন। মেয়ের বাবাও সালিসে এ বিষয়ে অভিযোগ করেন। বিচারে জুরি বোর্ড গঠন করা হয়। এতে সুশেনের ৩০ হাজার টাকা জরিমানা হয়। এরপর সুশেনকে মারধর করা হয়। ইউপি চেয়ারম্যান বলেন, ‘ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামের আইনশ্ঙ্খৃলা রক্ষায় ও পরিবেশ উন্নয়নের স্বার্থে গ্রামের সবাইকে নিয়ে সালিসে বসি। মুরব্বিদের দিয়ে জুরি বোর্ডে ওই জরিমানার সিদ্ধান্ত হয়। জরিমানার টাকা স্থানীয় মন্দিরে দেওয়া হবে।’ গতকাল পর্যন্ত জরিমানার টাকা আদায় হয়নি বলে জানান চেয়ারম্যান। নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, মেয়ের বাবা এ ব্যাপারে অভিযোগ দিতে রাজি নয়।