শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা!
ফরিদপুরের মধুখালীতে শিশুপুত্রকে হত্যার পর ফরিদা বেগম নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গাজনা ইউনিয়নের বাড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
ফরিদা বেগম (২৫) ওই গ্রামের দিনমজুর আনিস শেখের স্ত্রী। ফরিদা বেগমের নিহত শিশুপুত্র রসুল শেখের বয়স আড়াই বছর।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আটটার দিকে আনিস শেখ বাড়ি থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে একটি জমিতে পাট কাটতে যান। ওই সময় বাড়িতে তাঁর স্ত্রী ফরিদা বেগম ও শিশুপুত্র রসুল শেখ ছিল। সকাল সাড়ে নয়টার দিকে আনিসের বড় ভাই আলমগীর শেখ বাড়িতে এসে ফরিদা বেগম ও তাঁর শিশুপুত্রকে গলায় রশি বাঁধা অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন।
ফরিদার স্বামী আনিস শেখ জানান, তিনি সকালে বাড়িতে তাঁর স্ত্রী ও ছেলেকে রেখে পাট কাটতে যান। পরে লোকমুখে খবর পেয়ে বাড়িতে এসে মা ও ছেলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি গ্রামবাসীর সহায়তায় লাশ নামান।
গাজনা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোল্লা বলেন, ‘আমরা জানতে পেরেছি, ছেলেকে হত্যা করে পরে ফরিদা আত্মহত্যা করেছেন।’ গাজনা ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য জরিনা বেগম জানান, ফরিদার সঙ্গে তাঁর স্বামীর প্রায়ই পারিবারিক কলহ হতো। ফরিদা বেগমের দুই ছেলে। বড় ছেলে রাজবাড়ী নানার বাড়িতে থাকে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, পারিবারিক অশান্তি কিংবা অভাবের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।