শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা!
পারিবারিক কলহের জের ধরে তিন বছরের শিশুকে মারধর করে বিষ খাইয়ে এক মা নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিষক্রিয়ায় শিশুটি মারা যায়। আর আত্মহত্যার চেষ্টাকারী মাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম চর উড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ইয়ামিন হোসেন (৩)। আর তার মায়ের নাম পলি আক্তার (২০)।
নিহত ইয়ামিনের দাদি আফজা খাতুন বলেন, আজ রাত সাড়ে আটটার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী আলমগীরের সঙ্গে পলির বাগবিতণ্ডা হয়। এর জের ধরে পলি তাঁর নাতিকে বেদম মারধর করে এবং বিষ খাইয়ে দিয়ে নিজেও বিষপানে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে বাড়ির লোকজন প্রথমে মা ও শিশুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, রাত সাড়ে নয়টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। মৃত ঘোষণা করার পরই ওই ব্যক্তি শিশুটিকে হাসপাতাল থেকে নিয়ে বের হয়ে যান।
ফরিদ উদ্দিনবলেন, শিশুটিকে বিষপান করা হয়েছে কি না তা তাঁরা নিশ্চিত হতে পারেননি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে শিশুটিকে নিয়ে যাওয়ার পরই তার মাকে বিষপান করা অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে তাঁর চিকিৎসা চললেও অবস্থা সংকটাপন্ন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সন্তানকে বিষপানে হত্যার পর মাও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। নিহত শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় মামলা করতে অনাগ্রহ প্রকাশ করা হচ্ছে। এরপরও নিহত শিশুর বাবাকে থানায় আসতে বলা হয়েছে।