শিশুটিকে হাসপাতালে ফেলে গেল কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর হাসপাতালের সিঁড়ির নিচে শিশুর কান্না শুনে কৌতূহলী হয়ে ওঠেন কয়েকজন রোগীর স্বজন। এগিয়ে গিয়ে দেখতে পান আনুমানিক তিন মাস বয়সী একটি কন্যাশিশুকে কে বা কারা সেখানে রেখে গেছে। শিশুটি ঠোঁট ও তালু কাটা। দীর্ঘ সময়েও কেউ শিশুটির খোঁজ না নেওয়ায় পুলিশকে অবহিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

শিশুটির অভিভাবক বা স্বজনদের কেউ তাকে সিঁড়ির নিচে রেখে পালিয়ে গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ ধারণা করছে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা বলেন, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত শিশুটিকে কেউ খুঁজতে না আসায় বিষয়টি ফেনী সদর মডেল থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। শিশুটি জন্মগতভাবে ঠোঁট ও তালু কাটা।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধুরী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় শিশুটিকে স্থানীয় একজন সমাজকর্মীর জিম্মায় রাখা হয়েছে। শিশুটির অভিভাবকদের খোঁজা হচ্ছে। কাউকে পাওয়া না গেলে সমাজসেবা বিভাগের মাধ্যমে রোববার তাকে আদালতে পাঠানো হবে।