ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দিঘিরপাড় গ্রামে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ১০ মাস বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। টাকা নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকেরা এ ঘটনা ঘটায়।
নিহত শিশুর নাম মোহনা। সে ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মুসা মিয়া ও শিরিনা বেগমের সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুসা মিয়ার সঙ্গে সমবায় সমিতির টাকা নিয়ে চাচাতো ভাই জাহাঙ্গীরের বিরোধ আছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুসা মিয়ার বাড়িতে গিয়ে জাহাঙ্গীর ও তাঁর বাবা রব্বানী এক লাখ টাকা দাবি করেন। মুসা কোনো টাকা পাওনা নেই বললে এ নিয়ে তাঁর সঙ্গে জাহাঙ্গীর ও রব্বানীর ঝগড়া শুরু হয়। মুসার বাবা ফজল মিয়া ঝগড়া থামাতে গেলে তাঁকে মারধর করেন জাহাঙ্গীর ও তাঁর বাবা। আতঙ্কে মুসার স্ত্রী শিরিনা কোলের শিশুকে নিয়ে দৌড়ে পালাতে যান। ওই সময় জাহাঙ্গীর ও রব্বানী শিশুটিকে শিরিনার কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিলে জ্ঞান হারায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশুটি।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রব্বানী ও জাহাঙ্গীরের পরিবারের সবাই পলাতক। তাঁদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।