শিশুটির কী দোষ?
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার এইচ এম সেন রোড এলাকায় অবস্থিত বন্দর শিশুবাগ বিদ্যালয়। ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নানা দুর্নীতির অভিযোগে জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছিলেন কয়েকজন অভিভাবক। তদন্তের দায়িত্ব পান বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যবস্থাপনা কমিটি বাতিল করে অ্যাডহক কমিটি গঠন করে দেন ইউএনও।
গত এপ্রিল থেকে শুরু এসব ঘটনায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির ক্ষোভ গিয়ে পড়ল প্লে শ্রেণির ছাত্র তাসীনুর রহমান সাফির ওপর। অথচ যেসব অভিভাবক যৌথ স্বাক্ষরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সেখানে সাফির বাবা শহিদুর রহমানের স্বাক্ষর ছিল না। শহিদুর রহমানের প্রতি সন্দেহের কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ সেপ্টেম্বর থেকে তাঁর ছেলের বেতন নিচ্ছে না।
গত সোমবার থেকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এতে অবশ্য প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে অংশ নিতে পেরেছে সাফি।
অনুসন্ধানে জানা গেছে, অভিভাবকদের করা লিখিত অভিযোগ ইউএনওকে তদন্তের দায়িত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা শাখা) হোসনে আরা বেগম। ইউএনও মিনারা নাজমীন তদন্তে অভিযোগের সত্যতা পান। তিনি গত ২৮ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেন। এরপর জেলা প্রশাসনের নির্দেশে ইউএনও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল করে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আহ্বায়ক করে ছয় সদস্যের অ্যাডহক কমিটি করে দেন ৩ সেপ্টেম্বর। কিন্তু অদ্যাবধি ব্যবস্থাপনা কমিটি বিলুপ্ত হয়নি, দায়িত্বও নিতে পারেনি অ্যাডহক কমিটি।
শহিদুর রহমান বলেন, তিনি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ করেননি। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে সন্দেহের বশে আগস্ট মাস থেকে তাঁর ছেলের বেতন নিচ্ছে না। বিষয়টি তিনি জেলা প্রশাসক ও স্থানীয় সাংসদ সেলিম ওসমানকে লিখিতভাবে জানিয়েছেন।
শহিদুর রহমান বলেন, সর্বশেষ ১৪ নভেম্বর তিনি বেতন দিতে গেলে বিদ্যালয়ের ক্যাশিয়ার বেতনের কার্ড নিয়ে প্রধান শিক্ষকের কাছে যান। এরপর তিনি প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করলে প্রধান শিক্ষক তাঁকে বলেন, ‘আপনার ছেলের বেতন নেওয়া যাবে না, তাকে অন্য স্কুলে ভর্তি করান, এটি ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কুতুবউদ্দিন খান বলেন, ‘ছেলেটির বাবা আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন। তাই তাঁর ছেলের বেতন নেওয়া হয়নি। একজন ছাত্রের বেতন না নিলে স্কুলের কোনো সমস্যা হবে না। তবে ছেলেটিকে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র দেওয়া হয়েছে। আমি প্রধান শিক্ষিকাকে বলেছি পরীক্ষা শেষে ছেলেটির সব খাতা আমার কাছে পাঠাতে। খাতা দেখে সিদ্ধান্ত নেব, এই ছেলেকে স্কুলে রাখা যাবে কি না?’
ইউএনও মিনারা নাজমীন বলেন, ‘শিশুটির বাবা কয়েক দিন আগে এসেছিলেন আমার কাছে বিষয়টি জানাতে। আমি স্কুল কর্তৃপক্ষকে বলেছি বেতন নিতে।’ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম বলেন, ‘শিশুটির বেতন নেওয়ার জন্য আমি একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে বলেছি। শিশুর প্রতি এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।’
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান মনে করেন, এ ঘটনায় শিশুটি মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে। প্রশাসনের উচিত ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার।