শিশুদের খেলনা কেনার টাকা নয়ছয়
কিশোরগঞ্জের বাজিতপুরে ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিক শাখার খেলনাসামগ্রী কেনাকাটা নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যথাযথভাবে না কিনে বরাদ্দ দেওয়া টাকার সিংহভাগ আত্মসাৎ করা হয়েছে।
শিক্ষক ও পরিচালনা পর্ষদ সদস্যদের অভিযোগ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান সরাসরি এই অনিয়মের সঙ্গে জড়িত। খেলনাসামগ্রীর জন্য বরাদ্দ দেওয়া অর্থ আত্মসাৎ করার অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান বলেন, ‘আমি ক্রয় করিনি। শিক্ষকেরাই ওই সব খেলনাসামগ্রী ক্রয় করেছেন।’ নগদ টাকা দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, এটিও করা হয়েছে শিক্ষকদের দাবির কারণে।
শিক্ষকেরা বলেন, এই উপজেলায় প্রাক্-প্রাথমিক শাখার শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার হাজার। সেই হিসাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের মাধ্যমে উপজেলায় ৫ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ আসে। বিধান অনুযায়ী শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতির যৌথ ব্যাংক হিসাবে ওই টাকা পাঠিয়ে দেবেন। পরে প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সভাপতি, প্রাক্-প্রাথমিকের একজন শিক্ষক ও অভিভাবক প্রতিনিধির মাধ্যমে গঠিত কমিটি নির্দিষ্ট টাকায় খেলনা কিনবে। এর মধ্যে পুতুল, চুলা, বল, বাঁশি, ঘড়ি, বাসন, নৌকা, চামচ অন্যতম। এগুলো হবে প্লাস্টিক, মাটি, বাঁশ ও বেতের।
কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ব্যাংক হিসাবে টাকা না পাঠিয়ে সম্প্রতি প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে নগদ হিসেবে ১ হাজার ৮০০ টাকা দেন। ভ্যাট হিসেবে রেখে দেন ২০০ টাকা। বাকি ৩ হাজার টাকা হাতে রেখে দিয়ে তিনি তাঁর প্রতিনিধির মাধ্যমে খেলনাসামগ্রী কিনে বিদ্যালয়ে পাঠিয়ে দেন। শিক্ষকদের দাবি, শিক্ষা কর্মকর্তার প্রতিনিধিকে দিয়ে পাঠানো মালামাল এক হাজার টাকার ওপরে হবে না। প্রতিটি বিদ্যালয়ের বাজেট থেকে শিক্ষা কর্মকর্তা অন্তত ১ হাজার ৫০০ টাকা করে আত্মসাৎ করেছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ অভিভাবকেরা গত বৃহস্পতিবার সকালে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আসবাব ভাঙচুর করেন।
শুভরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আনিসুর রহমান বলেন, ‘কেনাকাটার সময় আমাদের রাখা হয়নি।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম মওলা মুঠোফোনে বলেন, ৪৭ ধরনের খেলনার তালিকা পাঠানো হয়েছে। বাজেট পাঁচ হাজার টাকা। এই টাকার মধ্যে যতগুলো কেনা সম্ভব, ততটুকু কিনতে বলা হয়েছে। এ জন্য স্কুল পর্যায়ে কমিটি আছে। কমিটি পুরো টাকার খেলনাসামগ্রী ক্রয় করবে। অর্ধেক নগদ আর অর্ধেক কিনে দেওয়ার কোনো সুযোগ নেই।