শিশুদের খেলাকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাচ্চাদের ক্রিকেট খেলার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের পিটুনিতে গুরুতর আহত এক কৃষক গতকাল সোমবার ভোরে মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত কৃষকের নাম মিনারুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার পিরিজপুর বাগানপাড়া গ্রামের বাসিন্দা।

গোদাগাড়ী থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন, গত রোববার সকালে মিনারুল ইসলামের বাড়ির সামনে প্রতিবেশীদের কয়েকজন শিশু খেলছিল। তখন একটি বল গিয়ে মিনারুলের ছয় বছর বয়সী ছেলের গায়ে লাগে। এ নিয়ে প্রতিবেশী ময়দুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটি থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মিনারুলকে গোদাগাড়ী উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার আবনতি হলে তাঁকে রাজশাহী নেওয়া হয়।