শিশুদের খেলাধুলা বন্ধ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই সপ্তাহ ধরে পাথর ও বালুর স্তূপ করে রাখা হয়েছে। সড়ক সংস্কারের জন্য রাখা এসব মালামালের কারণে শিশুদের বিদ্যালয়ে আসা-যাওয়ায় সমস্যা হচ্ছে। শিশুদের স্বাভাবিক খেলাধুলাও বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, উচাখিলা ইউনিয়নের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাথর ও বালুর বিশাল স্তূপ। স্তূপের কারণে অনেকটা আড়ালে চলে গেছে বিদ্যালয়টি। স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়ক সংস্কারের কাজ চলছে। এ জন্য বিদ্যালয়ের মাঠজুড়ে পাথর ও বালু রাখা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, অ্যাসোসিয়েট বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত ১৯ ফেব্রুয়ারি পাথর ও বালু সেখানে রেখেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনিন সুলতানা বলেন, তিনি প্রশিক্ষণে অন্যত্র ছিলেন। সে সময় পাথরগুলো বিদ্যালয়ের মাঠে এনে রাখা হয়েছে। ঠিকাদারের লোকজনকে পাথর সরিয়ে নিতে বলা হলেও তারা কোনো কথা শুনছে না। তিনি বিষয়টি প্রাথমিক
শিক্ষা কার্যালয়কে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি গিয়াস বলেন, তিনি তাঁর নিজের জায়গায় মালামাল রাখার জন্য ঠিকাদারকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাঁর অনুপস্থিতিতে বিদ্যালয়ের মাঠে মালামাল রাখা হয়েছে। এখন মালামাল সরিয়ে নিতে বলা হলেও টালবাহানা করছেন ঠিকাদার।
জানতে চাইলে উপজেলা এলজিইডি প্রকৌশলী দীন মোহাম্মদ বলেন, সড়কের সংস্কারকাজ শেষ হলে মাঠে পাথর থাকবে না। শিশুদের সমস্যার বিষয়ে প্রকৌশলী বলেন, কয়েক দিনে কী আর সমস্যা হবে। তবে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে না পাওয়ায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।