শিশুদের দাঁড় করিয়ে সাংসদকে শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদকে শুভেচ্ছা জানাতে গতকাল বিকেলে ভোলার লালমোহনের ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শিশুদের দাঁড় করিয়ে রাখা হয়। এ ছাড়া বিভিন্ন এলাকায় নির্মাণ করা হয় তোরণ l ছবি: প্রথম আলো
সাংসদকে শুভেচ্ছা জানাতে গতকাল বিকেলে ভোলার লালমোহনের ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শিশুদের দাঁড় করিয়ে রাখা হয়। এ ছাড়া বিভিন্ন এলাকায় নির্মাণ করা হয় তোরণ l ছবি: প্রথম আলো

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চার কিলোমিটার মেঘনার তীর সংরক্ষণকাজের গতকাল শুক্রবার উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। সাংসদকে শুভেচ্ছা জানাতে শতাধিক তোরণ নির্মাণ করা হয়। সড়কের দুই পাশে দাঁড় করিয়ে রাখা হয় শিশুদের।
সড়কে দাঁড়িয়ে থাকা শিশুদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র। সাংসদকে শুভেচ্ছা জানানোর জন্য ছুটির দিনে তাদের সড়কে দাঁড় করানো হয়। বিকেল সাড়ে চারটা থেকে প্রায় এক ঘণ্টা তারা দাঁড়িয়ে ছিল।
সরেজমিনে দেখা গেছে, ভোলার লালমোহন-মঙ্গলশিকদার-জনতাবাজার ১২ কিলোমিটার সড়কে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। এসব তোরণ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, মঙ্গলশিকদার বাজার, জনতা বাজার, নরুল্যা বাজারসহ একাধিক প্রতিষ্ঠান ও বাজারের মালিক সমিতি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা ও জনপ্রতিনিধিদের সৌজন্যে এসব নির্মাণ করা হয়েছে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত পাঁচজন ব্যবসায়ী বলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম ওরফে মিন্টু বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রধানকে চাপ দিয়ে এসব তোরণ নির্মাণ করিয়েছেন।
মঙ্গলশিকদার বাজার মালিক সমিতির সভাপতি নুরনবী বলেন, তাঁরা তিনটি তোরণ নির্মাণ করেছেন। এতে তাঁদের ১৫ হাজার টাকা খরচ হয়েছে। ব্যবসায়ীরা দিয়েছেন ১৪ হাজার টাকা। সবাই খুশি হয়ে চাঁদা দিয়েছে বলে তিনি দাবি করেন।
তবে পূর্বচরকালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম চাঁদা তোলার কথা অস্বীকার করেছেন।
ধলীগৌরনগর মাধ্যামিক বিদ্যালয় ও ধলীগৌরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংসদকে শুভেচ্ছা জানাতে রাস্তায় দাঁড়ায়। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী বলে, ধলীগৌরনগর মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন মৃধা বন্ধের দিন সাংসদকে শুভেচ্ছা জানাতে সড়কের পাশে তাদের দাঁড়াতে বলেছেন। হুমায়ুন মৃধা বলেন, ‘ছাত্ররা কেন সড়কের পাশে দাঁড়িয়েছে তা আমার জানা নেই। আমি কাউকে আসতে বলিনি।’
জনতাবাজারের ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন বলেন, সাংসদের জনসভায় যোগ দিতে তাদের বাজারের সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউপি চেয়ারম্যান।
ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম বলেন, ‘এ ইউনিয়নসহ উপজেলার লক্ষাধিক পরিবার মেঘনার ভাঙনে নিঃস্ব হয়েছে। বছরের পর বছর অপেক্ষার পর পানি উন্নয়ন বোর্ড ১৩৫ কোটি টাকা ব্যয়ে ব্লক ফেলে তীর সংরক্ষণের কাজ অনুমোদন করিয়েছেন। শুক্রবার তার উদ্বোধন ছিল। এ জন্য সাংসদ শাওনের কাছে আমরা ধলীগৌরনগর ইউনিয়নবাসী কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা থেকে ইউনিয়নের সবাই স্বতঃপ্রণোদিত হয়ে তোরণ নির্মাণ করেছেন। কারও কাছে চাঁদাবাজি করা হয়নি। একই কারণে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা সাংসদের জনসভায় এসেছেন। কাউকে জোর করা হয়নি।’
বিকেলে সাংসদ নুরুন্নবী চৌধুরী তীর সংরক্ষণকাজের উদ্বোধন করেন। এরপর সন্ধ্যা সাতটার দিকে সাংসদ মঙ্গলশিকদার বাজারে জনসভায় বক্তব্য দেন।