শিশুদের হাতাহাতি থেকে সংঘর্ষ, নিহত ২
খেলতে গিয়ে সামান্য হাতাহাতি হয়েছিল দুই শিশুর। এটাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর হামলা ও সংঘর্ষ। প্রাণ যায় দুই অভিভাবকের। আহত হন ১০ জন। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত দুই অভিভাবকের একজন গতকাল গভীর রাতে ও একজন আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
নিহত ব্যক্তিরা হলেন মণ্ডল মিয়া (৫০) ও মোশারফ হোসেন (৫৫)। আহত ১০ জন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, গতকাল বিকেলে মণ্ডল মিয়ার সাত বছরের নাতি শামীম মিয়া ও প্রতিবেশী মোশারফ হোসেনের আট বছরের মেয়ে মঞ্জু রানী বাড়ির পাশে খেলছিল। খেলা নিয়ে তাদের দুজনের মধ্যে সামান্য হাতহাতি হয়। এর জের ধরে সন্ধ্যা সাতটার দিকে মোশারফ হোসেন লোকজন নিয়ে মণ্ডল মিয়ার বাড়িতে হামলা চালান। দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। এতে মণ্ডল মিয়া ও মোশারফ হোসেন গুরুতর আহত হন। প্রথমে তাঁদের দুজনকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল দিবাগত রাত একটার দিকে মণ্ডল মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আজ সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোশারফ হোসেন।
পুলিশ আজ সকালে নিহত মণ্ডল মিয়ার আত্মীয় সাহা আলী মণ্ডল, নূর আমিন ও নিহত মোশারফ হোসেনের আত্মীয় খলিল মিয়া ও জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুই পক্ষের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।