শিশুপুত্রকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
পারিবারিক কলহের জের ধরে তিন বছরের শিশুপুত্রকে মারধর ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে মায়ের বিরুদ্ধে। পরে মা নিজেও বিষপান করেন। কিন্তু তিনি প্রাণে বেঁচে গেছেন।
গত সোমবার রাতে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম চর উড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মা পলি আক্তারকে (২০) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাঁকে এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। শিশু ইয়ামিন হোসেনের লাশের ময়নাতদন্ত গতকাল মর্গে সম্পন্ন হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, সোমবার রাত সাড়ে নয়টার দিকে এক ব্যক্তি শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তিনি মৃত ঘোষণার পরই ওই ব্যক্তি শিশুটিকে হাসপাতাল থেকে নিয়ে চলে যান।
আরএমও বলেন, শিশুটিকে বিষপান করানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য ভিসেরা সংরক্ষণ করা হয়েছে। রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
শিশু ইয়ামিনের দাদি আফজা খাতুনের ভাষ্যমতে, পারিবারিক বিষয় নিয়ে সোমবার রাতে স্বামী আলমগীর হোসেনের সঙ্গে পলি আক্তারের বাগ্বিতণ্ডা হয়। এরপর রাগে-ক্ষোভে পলি তাঁর শিশুপুত্রকে বেদম মারধর করেন এবং ছেলেকে বিষ খাইয়ে দিয়ে নিজেও বিষপান করেন। পরে বাড়ির লোকজন প্রথমে ছেলেকে, পরে মাকে হাসপাতালে নিয়ে যান।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর মা-ও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে।