নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনার দুই দিন পর সেতু বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার তাঁর সন্তান সাফিনের (৩) লাশ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আবু তাহের খান বলেন, গতকাল সকাল সাতটার দিকে শহরের কুমুদিনী এলাকায় শীতলক্ষ্যা নদীতে সেতু বেগমের লাশ ভেসে ওঠে। এ সময় এলাকার লোকজন পুলিশে খবর দেন। পরে নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। এর আগে বৃহস্পতিবার সকালে বন্দরের মাহমুদনগরে সিমেক্স সিমেন্ট কারখানার পাশে নদীতে শিশু সাফিনের লাশ উদ্ধার করা হয়।
বুধবার রাত সাড়ে আটটায় সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। যাত্রী চান মিয়া ও নৌকার মাঝি সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চান মিয়ার স্ত্রী সেতু বেগম ও শিশুপুত্র সাফিন পানিতে তলিয়ে যায়।