শিশুর কঙ্কাল ও দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে অপহরণের ৩২ দিন পর গতকাল শনিবার আশরাফুল জাহান (৪) নামের এক শিশুর কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। একই দিন নরসিংদী-ঘোড়াশাল সড়কের পাশ থেকে ছিনতাই হওয়া একটি মাইক্রোবাসের চালকের লাশ উদ্ধার করে জয়দেবপুর থানার পুলিশ। এ ছাড়া মুন্সিগঞ্জে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

নরসিংদী: পুলিশ ও নিহত শিশুটির পরিবারের লোকজন জানান, সম্প্রতি আশরাফুল জাহানের বাবা শাহীন মিয়ার এক আত্মীয়ের মোটরসাইকেলের ক্ষতি করেন এলাকার হারিছ মিয়া। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শাহীন মিয়া মোটরসাইকেলের ক্ষতিপূরণ বাবদ হারিছের কাছ থেকে কিছু টাকা আদায় করেন। এতে হারিছ মিয়া ক্ষিপ্ত হয়ে শাহীন মিয়াকে হুমকি দেন। এর দুই দিনের মাথায় ১৬ সেপ্টেম্বর বাড়ির পেছনে খেলার সময় নিখোঁজ হয় আশরাফুল। ওই দিনই পরিবারের লোকজন মনোহরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে শাহীনের মুঠোফোনে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি অপহরণকারী চক্র। পরে শাহীন প্রথমে ১০ হাজার এবং পরে ৫০ হাজার টাকা বিকাশ করেন। তিনি বাকি টাকাও পাঠানোর আশ্বাস দেন। এরপর ১ অক্টোবর পুলিশ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি পাইকান গ্রামের মঞ্জিল মিয়াকে গ্রেপ্তার করে। ৫ অক্টোবর আবুল কালাম ও নয়ন মিয়া (১৮) এবং ৮ অক্টোবর জহির মিয়া (৪৫) ও তাঁর স্ত্রী রোকসানাকে (২২) গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতে মনোহরদী থানার পুলিশ শিশু আশরাফুলের প্রতিবেশী হারিছ মিয়া (২২) ও তাঁর মা মাজেদা বেগমকে (৪০) গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, পাশের আতুশাল গ্রামের একটি ঝোপ থেকে আশরাফুলের পরনের জামা, খুলি, দাঁত ও হাড়গোড় উদ্ধার করা হয়।

গাজীপুর: পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ী এলাকা থেকে নরসিংদী যাওয়ার জন্য ছয়জন যুবক একটি মাইক্রোবাস ভাড়া করেন। রাত সাড়ে নয়টার দিকে ঘোড়াশাল এলাকায় মাইক্রোবাসের চালক মো. পারভেজ (১৯) ও তাঁর সহযোগী সুরুজ মিয়াকে (২০) অস্ত্রের মুখে জিম্মি করে গলায় রশি দিয়ে বেঁধে গাড়ির ভেতরেই ফেলে রাখে তারা। একপর্যায়ে মারা গেছেন ভেবে দুজনকে মাইক্রোবাস থেকে রাস্তার পাশে ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনার প্রায় দুই ঘণ্টা পর সুরুজ মিয়ার চেতনা ফেরে। এরপর তিনি ঘটনাটি আশপাশের লোকজনকে এবং অন্যের মুঠোফোন দিয়ে মাইক্রোবাসের মালিক মো. নুরুজ্জামানকে জানান। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ গতকাল সকালে নরসিংদী-ঘোড়াশাল সড়কের পাশের এক জলাশয় থেকে পারভেজের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রফিক মিয়াকে নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার উত্তরা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার উপপরিদর্শক নাজমুল হক জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে।

মুন্সিগঞ্জ: জেলার টঙ্গিবাড়ী উপজেলার সোনারং লাল মসজিদের সড়কের পাশ থেকে গতকাল অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকাল নয়টার দিকে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।