শিশুর গলায় ছুরি ধরে মায়ের অলংকার ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরে প্রকাশ্যে সাত বছরের এক শিশুর গলায় ছুরি ধরে তার মায়ের স্বর্ণের চেইন ও আংটি নিয়ে গেছে দুই ছিনতাইকারী। শহরের মমিনপাড়ায় বেপারি বাড়ির সামনে গতকাল বুধবার সকাল ১০টায় ঘটনাটি ঘটেছে।
ছিনতাইয়ের শিকার গৃহবধূ সাবিনা আক্তারের (২৮) চাচাশ্বশুর ফারুক খান জানান, তাঁর ভাতিজা জাকির খানের স্ত্রী সাবিনা সন্তানকে নিয়ে স্কুল থেকে হেঁটে বাড়ি ফেরার পথে মমিনপাড়ায় মোটরসাইকেলে করে দুই ছিনতাইকারী এসে তাদের পথরোধ করে শিশুটির গলায় ছুরি ধরে। এ সময় ছিনতাইকারীরা বলে, ‘যা কিছু আছে সব দিয়ে দে, নইলে তোর বাচ্চা মেরে ফেলব।’ এ কথা শুনে সঙ্গে সঙ্গে সাবিনা গলা থেকে ১৪ আনা ওজনের স্বর্ণের চেইন ও আড়াই আনা ওজনের আংটি খুলে তাদের হাতে তুলে দিলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লা বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। তবে পুলিশ বিষয়টি জেনে তদন্ত করছে।