শিশুর চিকিৎসায় মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহার

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে এক শিশুর চিকিৎসায় মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোগীর স্বজনেরা আজ বুধবার বিকেলে ওই হাসপাতালে ভাঙচুর চালিয়েছে।
স্যালাইনে লাগানো কাগজের মোড়কে স্যালাইনটি ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে তৈরি এবং মেয়াদ ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত উল্লেখ আছে।
হাসপাতালটির ব্যবস্থাপক শামীম উদ্দিন মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহারের বিষয়টি স্বীকার করে বলেন, ফার্মাসিস্ট ও কর্তব্যরত নার্সের ভুলে এটি হয়েছে। এ ব্যাপারে তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে। শিশুটির (তাহমিদ) ঠান্ডাজনিত কিছু সমস্যাও ছিল। রোগীর স্বজনেরা স্বাভাবিকভাবেই খেপে গিয়ে কিছু ভাঙচুর চালিয়েছে।
রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের ফয়ছল আহমদের দুই মাস বয়সী ছেলে তাহমিদ আহমদের ডায়রিয়া ও বমি হলে স্বজনেরা গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শিশুটিকে উপজেলা সদরের জাঙ্গিরাই এলাকায় অবস্থিত ‘জুড়ী আধুনিক (প্রাইভেট) হাসপাতাল’ নামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। আজ সকালের দিকে তাহমিদের শিরায় হাসপাতালের নিজস্ব ওষুধের দোকান থেকে আনা ‘বেবিসল জুনিয়র’ নামের একটি স্যালাইন গাঁথা হয়। এর পর থেকে শিশুটির খিঁচুনি দেখা দেয় ও মুখ দিয়ে ফেনা বেরোতে থাকে। খবর পেয়ে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে গিয়ে স্বজনেরা ব্যবহৃত স্যালাইনটি মেয়াদোত্তীর্ণ দেখতে পায়। ক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালের দরজা-জানালার কিছু কাচ ও আসবাব ভাঙচুর করে শিশুটিকে নিয়ে চলে যায়। সন্ধ্যা সোয়া সাতটার দিকে অসুস্থ শিশুটিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শিশুটির চাচা হাসান আহমদ অভিযোগ করেন, মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহারের কারণেই শিশু তাহমিদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ ব্যাপারে তাঁরা জুড়ী থানায় লিখিত অভিযোগ দেবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মহী উদ্দিন মোবাইলে প্রথম আলোকে বলেন, মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহারে রোগীর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের ওষুধ ফার্মেসিতে মজুত রাখা বেআইনি। বিষয়টি কাল বৃহস্পতিবার খোঁজ নিয়ে দেখব।