শিশুর ঝগড়ায় প্রাণ গেল বাবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলছিল দুই শিশু। খেলার সময় ধুলো মাখামাখি নিয়ে ঝগড়া হয় তাদের। সেই ঝগড়া গড়ায় দুই শিশুর পরিবারের মধ্যে। একপর্যায়ে এক শিশুর বাবার শাবলের আঘাতে মারা যান আরেক শিশুর বাবা। আজ মঙ্গলবার বিকেলে বগুড়ার গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (২৮)। তিনি পেশায় প্রাইভেট কারের চালক।
প্রত্যক্ষদর্শী ও গাবতলী থানার পুলিশ জানায়, গাবতলীর চককাতুলী গ্রামের দেলোয়ার হোসেনের শিশুপুত্র এবং প্রতিবেশী আলম হোসেনের কন্যাশিশু খেলছিল। কিন্তু একপর্যায়ে তাদের ঝগড়া বাধে। দুই শিশুর মধ্যে ঝগড়া গড়ায় দুই পরিবারের মধ্যে। বেলা সাড়ে তিনটার দিকে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে দেলোয়ার হোসেনের গলায় আঘাত করা হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।