শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের রানির বাজার নোনাবাদ পুকুরপাড়-সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে ইয়াসিন মিয়া নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

নগরের ঠাকুরপাড়ার লতিফা নিরোদা সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিক শ্রেণির ছাত্র ছিল ইয়াসিন (৭)। তার মা নাজমা আক্তারের দাবি, অভিমান করে তাঁর ছেলে আত্মহত্যা করেছে। একই কথা বলছে পুলিশও।

জানা যায়, রানির বাজারের নোনাবাদ পুকুরপাড়ে এক কক্ষের একটি বাসাভাড়া করে দুই ছেলেকে নিয়ে থাকেন নাজমা। তিনি বাসাবাড়িতে কাজ করেন। তাঁর স্বামী রফিক মিয়া চট্টগ্রামে ঠেলাগাড়ি চালান। ইয়াসিন ও তার ছোট ভাই ইউসুফ একই বিদ্যালয়ে পড়াশোনা করে। গতকাল সকাল ১০টা ৫০ মিনিটে বিদ্যালয় ছুটি হওয়ার পর তারা বাসায় ফেরে। এরপর ইয়াসিন তার মা যে বাসায় কাজ করে, সেখানে যায়। সে মায়ের কাছে ভাজি দিয়ে পরোটা খাওয়ার জন্য টাকা চায়। তার মা ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এতে শিশুটি কান্নাকাটি শুরু করে দেয়। মা বকুনি দিলে সে বাসায় ফিরে যায়।

নাজমা ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, বেলা সোয়া ১১টার দিকে পাশের বাসার এক নারী ইয়াসিনদের বাসার সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান। শিশুটির গলায় গামছা প্যাঁচানো ছিল। খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় নাজমা বাসায় ফেরেন। পরে পুলিশ গিয়ে লাশ নামায়। কুমিল্লা মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে বেলা তিনটার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মাত্র সাত বছরের একটি শিশুর আত্মহত্যার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, চাহিদা পূরণ না হওয়ায় আবেগ ও জেদ থেকে শিশুটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এ বয়সের শিশুরা কোনো কিছুতে না শুনতে পারে না। এ থেকে পরিত্রাণ পেতে হলে শিশুদের পরম মমতায় আগলে রাখতে হবে। ছেলের মৃত্যুর বিষয়ে নাজমা প্রথম আলোকে বলেন, ‘স্কুল থেকে আসার পর আমার কাছে ভাজি, পরোটা খাইতে চাইছিল। সেটা দিতে না পারায় গলায় গামছা লাগিয়ে আত্মহত্যা করে।’ ইয়াসিনের ছোট ভাই ইউসুফ (৬) বলে, ‘ভাইয়া বালিশের উপর উঠে গামছা লাগিয়ে কী যেন করেছে।’

লতিফা নিরোদা সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গুলশান আরা বেগম বলেন, ‘ইয়াসিন ও ইউসুফ দুই ভাই আমার ক্লাসের ছাত্র। ইয়াসিন নিয়মিত স্কুলে আসত। আজও (মঙ্গলবার) স্কুলে এসেছিল। ছেলেটার জন্য খুব খারাপ লাগছে। এতটুকুন ছেলে আত্মহত্যার কী বোঝে?’

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুদ্দিন চৌধুরী বলেন, অভিমান করেই শিশুটি আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নাজমাদের গ্রামের বাড়ি দেবীদ্বারের হায়দরাবাদে। নাজমার স্বামী আগে বিসিক শিল্প নগরীতে কাগজের ব্যবসা করতেন। পরে তিনি চট্টগ্রামে ঠেলাগাড়ির কাজ নেন। খবর শুনে তিনি কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছেন।