শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ার শেরপুরে নয় বছরের এক মেয়েশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের শাহানগর গ্রামে নিজ বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। কেউ তাকে হত্যা করেছে, নাকি সে আত্মহত্যা করেছে—এ সম্পর্কে কিছুই বলতে পারছে না পরিবারটি। আর আত্মহত্যা করে থাকলে তার কারণ কী—এ নিয়ে রয়েছে রহস্য। পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
নিহত শিশুটির নাম সুমনা আক্তার। স্থানীয় শাহানগর দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী সে। বাবা জাহিদুল ইসলাম পেশায় একজন দিনমজুর। মা আকলিমা বেগম গৃহিণী।
ওই ঘটনায় সুমনার মা গতকাল রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগটি অস্বাভাবিক মৃত্যু মামলা হিসেবে রেকর্ড করেছে। আজ শুক্রবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আকলিমা বেগম বলেন, বৃহস্পতিবার দুপুরে তিনি ইউনিয়নের সিংড়াপাড়া গ্রামে বাবার বাড়িতে যান। এ সময় তার মেয়ে বাড়িতে একাই ছিল। তিনি বাবার বাড়ি থেকে বেলা তিনটায় ফিরে এসে দেখতে পান শোবার ঘরের দরজা খোলা। মেয়ে সুমনা গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে সুমনাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে মাথায় পানি ঢালে। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ইউনিয়নের জামাইল বাজার এলাকার পৌঁছার পর সে মারা যায়।
সুমনার বাবা জাহিদুল ইসলাম বলেন, তিনি ওই সময় শেরপুর শহরে গিয়েছিলেন। সুমনা তাঁর একমাত্র মেয়ে। কী কারণে তাঁর এই ছোট্ট মেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে, তা তিনি বুঝে উঠতে পারছেন না। এটা আত্মহত্যা নাকি হত্যা, সেটাও তাঁর কাছে অস্পষ্ট।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, সুমনার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। গলায় দাগ ছিল। এই মৃত্যু নিয়ে সুমনার পরিবার ও প্রতিবেশীরাও কিছু বলতে পারছে না।
সুমনাদের বাড়ির আশপাশের কয়েকজন বলেন, সুমনা দিনের বেশির ভাগ সময় একাই বাড়ির ভেতরে খেলাধুলা করত। তারাও বুঝতে পারছেন না কেন মরতে হলো সুমনাকে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সুমনার মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব নয়।