শিশুর পেটে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে হোটেল শ্রমিকের কাজ করা এক শিশুকে (১০) মারধরের পর রিকশার টায়ারে হাওয়া দেওয়ার যন্ত্রের সাহায্যে তার পেটে বাতাস ঢুকিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। দুই ব্যক্তি গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকার একটি দোকানে নিয়ে শিশুটির পেটে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ অভিযুক্ত মো. রিয়াজকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ২০১৫ সালের ৩ আগস্ট মোটরসাইকেলে হাওয়া দেওয়ার যন্ত্র (কমপ্রেসর মেশিন) দিয়ে আরেক শিশুর পেটে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়।
লক্ষ্মীপুর সদর থানার এসআই মো. জামাল হোসেন বলেন, শিশুটি সদর উপজেলার মজুচৌধুরীর হাটের একটি হোটেলে কাজ করত। হাটে লোহার ঝালাইয়ের একটি দোকান রয়েছে। এই দোকানের কর্মী রিয়াজ মঙ্গলবার বিকেলে শিশুটিকে তার দোকানে নিয়ে যান। মারধরের পর শিশুটির পেটে রিকশার টায়ারে হাওয়া দেওয়ার যন্ত্র (পাম্প) দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা করেন রিয়াজ।
এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে গতকাল বুধবার রিয়াজকসহ অজ্ঞাত পরিচয় আরও একজনকে আসামি করে মামলা করেছেন। শিশুটির মা গতকাল বিকেলে লক্ষ্মীপুর থানায় প্রথম আলোকে বলেন, সংসারে অভাব অনটনের কারণে তিন মাস আগে ছেলেকে মজুচৌধুরীর হাটের একটি হোটেলে কাজ করতে দেন তিনি। তাঁর তিন ছেলের মধ্যে সে সবার বড়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে মঙ্গলবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, এ ঘটনায় জড়িত আরেকজনকে ধরার চেষ্টা চলছে।