শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলার আগমুরশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী খানজাহানের (৭) বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, ফুপাতো ভাই হেলাল উদ্দিন তাকে গলা টিপে হত্যা করেছে।
নিহত শিশু খানজাহান আগমুরশন গ্রামের কৃষক আবু তালেবের ছেলে। গতকাল শুক্রবার ভোর রাতে সিংড়া থানা-পুলিশ আগমুরশন গ্রামের হেলাল উদ্দিনের বাড়ি থেকে বস্তাবন্দী অবস্থায় খানজাহানের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আবু তালেব বাদী হয়ে তাঁর বোন হেলেনা বেগম, ভাগনে হেলাল উদ্দিনসহ পাঁচজনকে আসামি করে সিংড়া থানায় হত্যা মামলা করেছেন।
সিংড়া থানা-পুলিশ সূত্র জানায়, এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত শিশুর ফুপু হেলেনা বেগম (৪৫), মিলন (২৪) ও আসাদুল (২৪) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, ফুপাতো ভাই হেলালের সঙ্গে নিহত শিশুর বড় বোনের বিয়ে হয়। বিয়ের তিন বছর পরে তাঁদের পারিবারিকভাবে বিচ্ছেদ ঘটে। এই বিরোধের জের ধরে প্রায় ছয় মাস আগে মামার (সাবেক শ্বশুর) বাড়িতে আগুন লাগিয়ে দেন হেলাল উদ্দিন। এ ব্যাপারে সিংড়া থানায় জিডি করা হলে তা গ্রাম্য সালিসে মীমাংসা হয়। এরপর থেকেই বিভিন্ন সময় হেলাল প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।