শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় এক নারী আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মরিয়ম আক্তার (৪) নামের এক শিশুকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল রোববার পুলিশ রুবিনা আক্তার (৩৫) নামের এক নারীকে আটক করেছে। রুবিনা উপজেলার আড়াইসিধা এলাকার ইকবাল মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে মরিয়মের নানাবাড়ি আড়াইসিধা এলাকার একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল দুপুরে পুলিশ মরিয়মের নানা জলিল মিয়ার বাড়িতে ঘটনার তদন্ত করতে যায়।
একপর্যায়ে পুলিশ প্রতিবেশী ইকবাল মিয়ার ঘরে তল্লাশি চালায়। এরপর ওই ঘর থেকে পুলিশ একটি বাক্সে রাখা কোলবালিশ, রক্তমাখা একটি প্লাস্টিকের বস্তা ও একটি ছুরি উদ্ধার করে। মরিয়মের নানি উদ্ধার হওয়া কোলবালিশটি মরিয়মের বলে পুলিশকে জানান। পরে পুলিশ ওই বাড়ি থেকে রুবিনাকে আটক করে।
আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, রুবিনাকে জিজ্ঞাসাবাদ করা হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে বলে তিনি ধারণা করছেন।
শুক্রবার সকালে আড়াইসিধা গ্রামের একটি জমি থেকে বস্তাবন্দী অবস্থায় মরিয়মের লাশ উদ্ধার করে পুলিশ।