শিশুর মৃত্যু নিয়ে রহস্য দুই ভাই আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার মহারাজপুর গ্রামে পলি খাতুন (৯) নামের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে শিশুটি আত্মহত্যা করেছে বলে রটিয়ে গতকাল শুক্রবার ভোরে লাশ দাফন করা হয়। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে তার ভাইয়েরা পিটিয়ে মেরে ফেলেছেন। এ ঘটনায় দুই ভাইকে আটক করেছে পুলিশ।
মারা যাওয়া শিশুটি উপজেলার মহারাজপুর গ্রামের আবদুর রহমানের মেয়ে এবং সে রামকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। আটক হওয়া দুই ভাই হচ্ছে মিলন হোসেন (২৫) ও আলমগীর হোসেন (২৭)।
এলাকাবাসীর বরাত দিয়ে লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিল পলি। গত বৃহস্পতিবার রাতে পারিবারিক বিরোধে পলিকে বেধড়ক মারপিট করেন মিলন। এরই একপর্যায়ে পলি মারা যায় বলে এলাকাবাসী জানিয়েছেন। পরে মিলন ও পরিবারের পক্ষ থেকে পলি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হয়। এমনকি পুলিশকে কিছু না জানিয়ে গতকাল শুক্রবার ভোরে সবার অজান্তে পারিবারিক গোরস্থানে লাশটি দাফন করা হয়।
আবদুল হাই আরও বলেন, পলির মৃত্যু প্রাথমিকভাবে রহস্যজনক মনে হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য গতকাল দুপুরে পলির দুই ভাইকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে গ্রামের অন্তত পাঁচ ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, পলির ভাই মিলন পারিবারিক বিরোধের কারণে দুই মাস আগে তাঁর স্ত্রী সাবিনা খাতুনকে তালাক দেন। কিন্তু পলি সম্প্রতি সাবিনার বাড়িতে বেড়াতে যায়। এতে ক্ষুব্ধ মিলন গত বৃহস্পতিবার রাতে পলিকে বেধড়ক পেটায়। অতিরিক্ত আঘাতে পলি মারা যায়। তবে বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং প্রভাবশালী ব্যক্তিরা উঠেপড়ে লেগেছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, মুঠোফোনে মিলন তাঁকে জানান, তাঁর বোন পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ জন্য মানবিক দিক বিবেচনা করে লাশ দাফনের পরামর্শ দিয়েছেন। এর বেশি কিছু তিনি জানেন না।