শিশুর মৃত্যুর গুজবে ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সাত-আটটি ব্যাটারিচালিত টমটম গাড়ি ভাঙচুর করে। নগরের চকবাজার থানাধীন ফুলতলা এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ব্যাটারিচালিত টমটম গাড়ির চাপায় রাকিব (৭) নামের এক শিশু আহত হয়। রাকিব ফুলতলা এলাকার বাসিন্দা। পরে তাকে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষণ পর সন্ধ্যা ৭টার দিকে রাকিব মারা গেছে বলে ওই এলাকায় গুজব ছড়িয়ে পড়ে। তখন উত্তেজিত জনতা ব্যাটারিচালিত সাত-আটটি টমটম গাড়ি ভাঙচুর করে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আহত শিশুটি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছে। তার অবস্থা ভালোর দিকে।