শিশুর মৃত্যুর পর চিকিৎসকের কক্ষ ভাঙচুর, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের কক্ষ ভাঙচুর করা হয়েছে। এ সময় চিকিৎসকসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীর ওপর ওই রোগীর স্বজনেরা হামলা করেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করেছে।

হামলার শিকার ব্যক্তিরা হলেন চিকিৎসক শহিদুল ইসলাম, উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. ইকবাল আনছারী, ঝাড়ুদার খোকন মিয়া ও মো. আশরাফ এবং নৈশপ্রহরী মো. লিটন। পুলিশ হামলার ঘটনায় দুজনকে আটক করেছে। তাঁরা হলেন মিরাজ উদ্দিন ও ইসমাইল হোসেন।

হাসপাতাল সূত্র জানায়, ৫ জানুয়ারি উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ গামছাখালী গ্রামের ইব্রাহিম হোসেনের ১০ মাস বয়সের শিশু তামজিদ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিল। গতকাল সকালে চিকিৎসক শহিদুল ইসলাম ওয়ার্ডে গিয়ে শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দুপুর পৌনে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এরপর শিশুর স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা চিকিৎসকের কক্ষের চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেন। এ সময় চিকিৎসককে রক্ষা করতে এগিয়ে আসা হাসপাতালের আরও চার কর্মী হামলার শিকার হন। পরে পুলিশ দুজনকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়।

শিশু তামজিদের বাবা ইব্রাহিম হোসেন অভিযোগ করেন, চিকিৎসকের অবহেলায় ও ভুল চিকিৎসায় তাঁর ছেলে মারা গেছে। মৃত্যুর পর তাঁরা চিকিৎসকের কক্ষে গিয়ে কারণ জিজ্ঞেস করতেই হাসপাতালের কর্মচারীরা তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁদের কয়েজন আত্মীয় আহত হন।

শিশুর বাবার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন চিকিৎসক শহিদুল ইসলাম বলেন, শিশুটি ডায়রিয়া, নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিতে পরামর্শ দেওয়া হয়েছিল। স্বজনেরা তা শোনেননি, ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধও খাওয়াননি। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, নিহত শিশুর চিকিৎসায় ওই চিকিৎসকের কোনো অবহেলা ছিল না।

হাতিয়া থানার ওসি গোলাম ফারুক বলেন, স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলায় আটক দুজনকে বিকেলে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।