শিশুর রহস্যজনক মৃত্যু, মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার তেরদ্রোন গ্রামে স্বপ্না খানম (৪) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশুর বাবা ইমরান হোসেন স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে মেয়েকে হত্যার অভিযোগ করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, উজিরপুর উপজেলার কমলাপুর এলাকার বাসিন্দা ইমরান হোসেন উপজেলার গুঠিয়া ইউনিয়নের তেরদ্রোন গ্রামের মালেক সরদারের মেয়ে নাজমাকে বিয়ে করেন। সম্প্রতি নাজমার সঙ্গে স্বামীর সম্পর্কের অবনতি ঘটে। কিছুদিন আগে নাজমা বেগম মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে পুকুরে স্বপ্নার লাশ পাওয়া যায়।
শিশুর বাবা ইমরান হোসেন বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
উজিরপুর থানার ওসি নুরুল ইসলাম বলেন, একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ছাড়া শিশুটির বাবা হত্যার অভিযোগে একটি লিখিত অভিযোগ করেছেন। তবে সেটা মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।