শিশুর লাশ উদ্ধার
সিরাজগঞ্জ সদর উপজেলায় গত বৃহস্পতিবার সাজিদা খাতুন (১৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার মৃত আবদুল খালেকের মেয়ে।
এলাকার অনেকে ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন রাত নয়টার দিকে স্থানীয় লোকজন সাজিদার লাশ তাদের টিনের ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা থানায় খবর দেন। পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। সাজিদার গলার ডান দিকে কালো দাগ আছে।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়া জানান, কারা, কীভাবে ও কী কারণে তাকে হত্যা করেছে—এ ব্যাপারে কিছু জানা যায়নি।
এ ঘটনায় সাজিদা মা বুলবুলি বেওয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।