নিখোঁজের এক দিন পর শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নতুনহাট এলাকা থেকে ওসমান গনি (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার বাঁ চোখ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। শ্বাসনালি ও রক্তনালি কাটা ছিল।
এর আগে গত শনিবার নিখোঁজের আট দিন পর লিজা আক্তার নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয় ভেদরগঞ্জ উপজেলার সখীপুর ছৈয়ালকান্দি গ্রাম থেকে। তার শরীরের কিডনি, লিভার, ফুসফুসসহ গুরুত্বপূর্ণ অঙ্গ পাওয়া যায়নি।
ওসমান গনি উত্তর ভাষানচর গ্রামের ইদ্রিস মাতবরের ছেলে। পশ্চিম ভাষানচর নোমানিয়া কওমিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্র ছিল ওসমান। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন গ্রামবাসী।
নিহত ছাত্রের পরিবার, পালং থানার পুলিশ ও গ্রামবাসী জানান, ওসমান গনি মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল। প্রতিদিন মাদ্রাসা থেকে দুপুরের খাবার খেতে বাড়ি যেত। আবার রাতের খাবার নিয়ে মাদ্রাসায় ফিরত। রোববার বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে মাদ্রাসায় যায় সে। আসরের নামাজ শেষে মাদ্রাসা থেকে পাশের নতুনহাট বাজারে যাওয়ার জন্য বের হয়। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি।
সোমবার সন্ধ্যায় পশ্চিম ভাষানচর গ্রামে কীর্তিনাশা নদীর তীরের একটি আখখেতে লাশ দেখে পুলিশে খবর দেন এলাকার লোকজন। পুলিশ রাত সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওই শিশুর লাশের ময়নাতদন্ত করেন শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক আকরাম এলাহী ও আরেফিন নোমান। আকরাম এলাহী প্রথম আলোকে বলেন, ‘শিশুটির শ্বাসনালি ও রক্তনালি কাটা ছিল। গলায় তিনটি ফুটো ছিল। তার বাঁ চোখটি ছিল না। মনে হচ্ছে, দক্ষ হাতে চোখটি উপড়ে ফেলা হয়েছে।’
ওসমানের বাবা ইদ্রিস মাতবর বলেন, ‘আমার ছেলেটি অনেক নিরীহ ছিল। আমাদের কোনো শত্রু নেই। কে, কেন আমার ছেলেকে মেরে ফেলল? হত্যাকারীদের বিচার চাই।’
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মাদ্রাসাছাত্রের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খোঁজা হচ্ছে। ওই ছাত্রের ভাই তাইজুল মাতবর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।