শিশুর লাশ উদ্ধার, বাবার বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে গতকাল রোববার গলায় রশি বাঁধা অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মায়ের অভিযোগ, শিশুটির বাবা তাকে হত্যা করেছে।
শিশুর নাম মো. মোজাহিদ (১০)। উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রাম থেকে গতকাল বেলা দেড়টায় তার লাশ উদ্ধার করা হয়। মোজাহিদ কুড়িঘর গ্রামের সাজু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন বলে, দুপুরে কুড়িঘর গ্রামের ঈদগাহসংলগ্ন কবরস্থানের উত্তর দিকের নালায় মোজাহিদের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মা সাহানা বেগম বলেন, কয়েক দিন আগে মোজাহিদকে বাবার কাছে রেখে তিনি বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকাল সকালে মোজাহিদের মৃত্যুর সংবাদ পেয়ে গ্রামে ছুটে আসেন। মোজাহিদকে তার স্বামী সাজু হত্যা করতে পারে।
নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, গত শনিবার সন্ধ্যায় মোজাহিদের খোঁজ না পেয়ে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করেন সাজু মিয়া।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, নিহত শিশুর মুখে আঘাতের চিহ্ন আছে। লাশের গলায় রশি পাওয়া গেছে। সাজু মিয়াকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।