শিশুর লাশ উদ্ধার, বিষপানে অসুস্থ মা হাসপাতালে
জামালপুরের ইসলামপুর উপজেলায় গতকাল সোমবার চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মাকে কীটনাশক পানে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ধারণা করছে, শিশুটিকে কীটনাশক পানে ও শ্বাসরোধে হত্যার পর তার মা আত্মহত্যার চেষ্টা চালান।
ওই শিশুর নাম আনিনা আক্তার। সে ডাকপাড়া গ্রামের আমিনুল ইসলাম ও খুকুমণির মেয়ে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, রোববার বিকেলে খুকুমণি আনিনাকে বাড়িতে রেখে বেড়াতে যান। তিনি সন্ধ্যার পর ফিরে আসেন। গতকাল ভোর পাঁচটার দিকে আনিনার নানা ময়দান আলী ও কয়েকজন লোক খুকুমণিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন ঘরে বিছানার ওপর আনিনার লাশ দেখতে পান। তার নানা ও আত্মীয়স্বজন খুকুমণিকে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ আনিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, খুকুমণি নামের ওই রোগী ভর্তি রয়েছেন। তিনি কীটনাশক পান করেছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি অনেকটা সুস্থ রয়েছেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বিন-ই-আলম প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে তার মা প্রথমে বিষপানে ও পরে শ্বাসরোধে হত্যা করেছেন। গ্রামবাসীর ভাষ্যমতে, শিশুটির বাবা ঢাকায় ছিলেন। ওই রাতে শিশুটির দাদা ওহাব আলী মরিচখেত পাহারা দিতে বাইরে ছিলেন। দাদি নূরন্নাহার মেয়ের বাড়িতে ছিলেন। স্বামী ঢাকায় থাকার সুযোগে শিশুটির মা বেপরোয়া জীবন যাপন করতেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।’
শিশুটির নানা ময়দান আলী বলেন, ভোর পাঁচটার দিকে মেয়ের মুঠোফোন থেকে ফোন আসে। পুরুষ কণ্ঠের একজন জানান, তাঁর মেয়ে বিষ খেয়েছেন। মেয়ের বাড়িতে গিয়ে ঘরের মধ্যে নাতনির লাশ ও মেয়েকে অসুস্থ দেখতে পান। তারপর মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। কী ঘটেছে তিনি জানেন না।
এ ব্যাপারে আমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, তিনি ঢাকায় আছেন। মুঠোফোনে ঘটনা শুনেছেন। যাঁরা এর সঙ্গে জড়িত, তাঁদের শাস্তি চান।