শিশুর লাশ উদ্ধার, সন্দেহ হত্যা
রাজধানীর বাড্ডার আদর্শনগর থেকে একটি মেয়েশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তানহা নামের পৌনে চার বছর বয়সী শিশুটিকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
শিশুটির বাবা মেহেদি হাসান গাড়িচালক। গতকাল রাতে মেয়ের লাশ নিয়ে আহাজারি করছিলেন। তিনি বলছিলেন, এমন ফুলের মতো মেয়েকে কেউ এভাবে হত্যা করতে পারে তা তাঁর ধারণাতেও নেই।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, শিশুটির বাবা-মা আদর্শনগরে টিনশেড বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে থাকেন। বাড়িটির অনেকগুলো ঘরের প্রায় প্রতিটিতেই একটি করে পরিবার থাকে। সবার ব্যবহারের জন্য বাথরুম একটি।
স্থানীয় লোকজন বলেন, গতকাল বিকেলে শিশুটি প্রতিবেশী এক নারীর ঘরে যায়। ওই নারীর দাবি, তিনি বিকেলে তাঁর মায়ের বাড়িতে যাওয়ার আগেই শিশুটিকে নিজেদের ঘরে যেতে বলেছিলেন। এরপর তিনি আর কিছু জানেন না। সন্ধ্যার দিকে প্রতিবেশী আরেক নারী বাথরুমে গিয়ে শিশুটিকে পোশাকহীন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার গলায়, গালে দাগ ছিল। ওই নারীর দাবি, শিশুটি তখন দুবার চোখ মেলে চাইলেও কিছু বলতে পারেনি। এরপর শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এদিকে শিশুটিকে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর এলাকার লোকজন জড়ো হয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়।
যোগাযোগ করা হলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, আদর্শনগরে বাসার বাথরুম থেকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এখনো বোঝা যাচ্ছে না শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল কি না।