শিশুর শ্লীলতাহানির মূল্য ১৫ হাজার টাকা!
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি গ্রামে সাড়ে তিন বছরের এক শিশুর শ্লীলতাহানির ঘটনায় দায়ী যুবককে মাত্র ১৫ হাজার টাকা জরিমানা করে মিটমাটের পাঁয়তারা করেছিলেন গ্রাম্য মাতব্বরেরা। কিন্তু শিশুটির পরিবার গ্রাম্য সালিসের এই রায় মেনে নিতে না পেরে অবশেষে গত রোববার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেছে।
শিশুটির চাচা তাজুল ইসলাম অভিযোগ করেন, গত শুক্রবার বিকেলে নিজ বাড়ির আঙিনায় খেলা করছিল শিশুটি। এ সময় স্থানীয় প্রভাবশালী রুস্তম আলী সেখের ছেলে মনি সেখ (২০) শিশুটিকে কৌশলে নিজের ঘরে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনার পর স্থানীয় মাতব্বরেরা বিষয়টিকে ধামাচাপা দিতে শিশুটির পরিবারকে থানায় যেতে না দিয়ে রোববার সন্ধ্যায় স্থানীয় আবদুর রশিদের বাড়িতে সালিস বৈঠক করেন। সালিসে মাতব্বরদের মধ্যে আজিজুল হক, বাচ্চু মিয়ার নেতৃত্বে গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। সালিস বৈঠকে মনিকে ১৫ হাজার টাকা জরিমানা, ২৫টি জুতার বাড়ি ও জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর শাস্তি সাব্যস্ত হয়।
এদিকে এই রায় শিশুটির পরিবারের লোকজন মেনে না নিয়ে প্রতিবাদ জানান। গ্রামের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল রাকিব ওরফে সাদ্দাম বলেন, ‘এ ঘটনার পর মাতব্বরেরা বিষয়টি কাউকে না জানানোর জন্য বলেন। বললে ওই শিশুর পরিবারটিকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকিও দেন।’ তিনি আরও অভিযোগ করেন, ‘মাতব্বরেরা উৎকোচের বিনিময়ে এ রায় দিয়েছেন। যে কারণে আমরা আইনের আশ্রয় নিয়েছি।’
মাতব্বর আজিজুল হক বলেন, শ্লীলতাহানির ঘটনায় দায়ী মনি সবার সামনে নিজের দোষ স্বীকার করায় এ রায় দেওয়া হয়েছে। সালিসে উপস্থিত সব মাতব্বরের মতামতের ভিত্তিতেই এ রায় দেওয়া হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।