শিশুর স্বীকারোক্তি: সাবেক ও বর্তমান তদন্ত কর্মকর্তাকে তলব
বগুড়ায় ছোট ভাইকে হত্যা মামলায় ১২ বছর বয়সী বড় ভাইয়ের কাছ থেকে ‘জোর করে’ স্বীকারোক্তি নেওয়ার বিষয়ে লিখিত ব্যাখ্যা জানাতে সারিয়াকান্দি থানায় সাবেক উপপরিদর্শক নয়ন কুমারকে (পরিদর্শক সিআইডি, নাটোর) তলব করেছেন হাইকোর্ট।
এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ৩ আগস্ট সকাল সাড়ে ১০টায় নয়ন কুমারকে আদালতে হাজির হতে বলা হয়েছে। তিনি মামলাটির প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন। তাঁর বিরুদ্ধে জোর করে শিশুটির স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ রয়েছে।
ওই মামলা এখন পিবিআই তদন্ত করছে। হাইকোর্ট মামলার কেসডকেটসহ মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা মো. মনসুর আলীকে (উপপরিদর্শক, পিবিআই বগুড়া) ৩ আগস্ট আদালতে হাজির হতে বলেছেন।
জোর করে ১২ বছর বয়সী শিশুর স্বীকারোক্তি নেওয়া বিষয়ে ১১ জুন ‘বিয়ারিং দ্য আনবিয়ারেবল’ শিরোনামে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে বগুড়ার আদালতে থাকা ওই হত্যা মামলার যথার্থতা ও আইনি দিক পর্যালোচনায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী ২০ জুন ওই আবেদন করেন, যা ২১ জুন শুনানির জন্য ওঠে। সেদিন আদালত ২৯ জুন শুনানির জন্য রাখেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
বগুড়ার আদালতের একটি আদেশ তুলে ধরে ২০ জুন শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, ‘নিম্ন আদালতে রাষ্ট্রপক্ষ বলেছে মামলাটির তদন্ত কর্মকর্তা যথাযথভাবে তদন্ত না করে প্রকৃত অপরাধীকে বাদ দিয়ে শিশুকে (স্বীকারোক্তি নেওয়া ১২ বছর শিশু) মনগড়াভাবে দোষীপত্র (অভিযোগপত্র) দাখিল করেছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে অধিকতর তদন্ত প্রয়োজন। এ অবস্থায় পিবিআই নিয়ে মামলাটি তদন্ত করা প্রয়োজন। এজাহারে খুনের শিকার আট বছর বয়সী শিশুর গলাকাটা লাশের কথা বলা আছে।সুরতহালেও গলাকাটা চিহ্নের কথা উল্লেখ আছে। কিন্তু তদন্তকারী কর্মকর্তা দোষীপত্রে উল্লেখ করেন যে খুন হওয়া শিশুটির গলায় ধারালো কাঞ্চি ঢোকানো ছিল।
এজাহার ও সুরতহাল রিপোর্টের সঙ্গে দোষীপত্রের গরমিল দেখা যায়। প্রকৃত ঘটনা আড়াল করে দোষীপত্র দাখিল করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর ১২ বছর বয়সী শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি আদালতে উপস্থিত হয়ে প্রচণ্ড মারপিটের কথা বলে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখায়। মামলাটি সুষ্ঠু ও সঠিকভাবে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেওয়া হলো।
শিশুটির জবানবন্দি পড়ে শুনিয়ে সেদিন আইনজীবী শিশির মনির বলেন, ১৬৪ ধারার জবানবন্দিটি সংগ্রহ করেছেন আগের তদন্ত কর্মকর্তা নয়ন কুমার। প্রতিবেদনে এসেছে যে শিশুটির বাবা বলেছেন, পুলিশ বাসায় এসে ১২ বছর বয়সী ছেলেকে নিয়ে গেল। থানায় গেলেও তদন্ত কর্মকর্তা নয়ন কুমার ছেলের সঙ্গে বাবাকে দেখা করতে দেয়নি। শিশুটির বাবা বলেছেন, মামলার কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রকাশিত প্রতিবেদনের ভাষ্য, ২০১৫ সালের ২৫ আগস্ট ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধারের এক দিন পর সারিয়াকান্দি থানায় মামলা করেন তার বাবা মহিদুল। একই বছরের ২৯ নভেম্বর স্থানীয় থানা-পুলিশ তাঁর বাড়িতে যায়। জিজ্ঞাসাবাদের কথা বলে ১২ বছর বয়সী বড় ছেলেকে নিয়ে যায় তারা। পরদিন ৩০ নভেম্বর ১২ বছর বয়সী শিশুটিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় শিশুটি। শিশুটি জানায়, ছোট ভাইকে তার চেয়ে মা–বাবা বেশি ভালোবাসে বলে তাকে খুন করেছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ার আদালত তার জামিন মঞ্জুর করে পরিবারের সঙ্গে থাকার অনুমতি দেন।