শিশু শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগ
নেত্রকোনা সদরে বিড়ি তৈরির কারখানায় ১৩ বছর বয়সী শিশু শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. আবদুল আজিজ (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
আজ সোমবার বেলা দুইটার দিকে শহরের নাগড়া এলাকার ‘বিনোদ বিড়ি’ কারখানায় এ ঘটনা ঘটে। আটক আবদুল আজিজ ওই কারখানার কর্মচারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কারখানার বেশির ভাগ শ্রমিক আজ দুপুরের খাবার খাওয়ার জন্য বাইরে ছিলেন। এই সুযোগে আবদুল আজিজ ওই মেয়েশিশু শ্রমিককে একটি কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে আজিজ পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে ও আজিজের বিচারের দাবিতে শ্রমিকেরা কারখানা থেকে মিছিল নিয়ে নেত্রকোনা মডেল থানার সামনে যান। পরে পুলিশ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তাঁরা ফিরে আসেন।
তবে আবদুল আজিজ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁকে ফাঁসাতে কারখানার কিছু শ্রমিক এ ঘটনাটি সাজিয়েছেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো মামলা হয়নি।