শিশুসন্তানকে পিটিয়ে আহত করলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসার বেতন চাওয়ায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাবার বিরুদ্ধে শিশুসন্তানকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামে ওই ঘটনা ঘটে।
আহত ওই শিশু হলো কালীগঞ্জ উপজেলার মুনশুরপুর মদিনাতুল মনোয়ারা হাফিজিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্র রিমন হোসেন (৯)।
আহত রিমনের দাদি নার্গিস খাতুন বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষকে প্রতি মাসে এক হাজার টাকা দিতে হয়। গত দুই মাসের টাকা বকেয়া থাকার কারণে রিমনের বাবার কাছ থেকে টাকা চেয়ে আনার কথা বলে মাদ্রাসা কর্তৃপক্ষ। রিমন বাবার কাছে বকেয়া বেতন চায়। এতে কালাম ক্ষিপ্ত হয়ে ছেলেকে বেতুয়া গ্রামের বাড়ি যেতে বলে। রিমন দুপুরে বাড়ি গেলে তাকে হাত-পা বেঁধে বাঁশ দিয়ে নির্মমভাবে পেটান তিনি। ঘটনার সময় তার মা জেসমিন অন্য বাড়িতে ছিলেন। রিমনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এরপর রিমন মুনশুরপুর এলাকায় তাঁর (দাদি) কাছে চলে আসে। পরে তাঁর ও স্থানীয় লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অরূপ কুমার দাশ বলেন, শিশুটির পুরো শরীরে লাঠির আঘাতের চিহ্ন আছে।
এ ব্যাপারে কালাম মুঠোফোনে বলেন, ‘আমার ছেলেকে আমি মারছি। এতে কার কী?’