শিশুসন্তানসহ গায়ে আগুন দিয়ে মায়ের আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলায় গতকাল বৃহস্পতিবার আগুনে পুড়ে আট মাসের মেয়েসহ এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
অনিমা বিশ্বাসের (২৬) শিশুসন্তান শ্রুতি দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যু হয় অনিমার।
অনিমা ঝিনাইদহ সদরের বামন আইল গ্রামের গৌতম বিশ্বাসের মেয়ে। আড়াই বছর আগে শালিখা উপজেলার নূরপুর গ্রামের কৃষক সুমন বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ে হয়।
শালিখা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুমন বিশ্বাস ও শাশুড়ি মণি মালাকে আটক করেছে পুলিশ। ওসি বলেন, সুমন কয়েক দিন আগে স্ত্রীর কাছে একটি সোনার চেইন রাখতে দেন। চেইনটি পরে হারিয়ে গেলে সুমন এ জন্য স্ত্রীকে দায়ী করেন। চার-পাঁচ দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে অনিমা আত্মহত্যা করতে পারেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ বলেছে, গতকাল সকালে অনিমা বিশ্বাস তাঁর আট মাসের মেয়েকে শাড়ি দিয়ে পিঠের সঙ্গে বাঁধেন। পরে সেচকাজের জন্য ঘরে রাখা ডিজেল শরীরে ঢেলে ঘরের পাশের খড়ের গাদায় গিয়ে গায়ে আগুন লাগান। লোকজন অনিমাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
মাগুরা সদর হাসপাতালের শল্য চিকিৎসক শফিউর রহমান বলেন, অনিমার শরীরের ৭০-৮০ শতাংশ দগ্ধ হয়। আগুনের শিখায় তাঁর শ্বাসনালি ও মুখের ভেতর পুড়ে গিয়েছিল।