শিশুসহ গৃহবধূকে অপহরণ অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় চার বছরের শিশুসন্তানসহ এক গৃহবধূকে (২৬) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে নওগাঁর বিচারিক হাকিমের আদালতে মামলা করা হয়েছে। গত সোমবার ওই গৃহবধূর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনের বিরুদ্ধে এই অপহরণ মামলা করেন। পুলিশ মামলা নিতে টালবাহানা করায় আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বাদী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ মে উপজেলার সৌদিপ্রবাসী এক ব্যাক্তির স্ত্রী তাঁর শিশু সন্তানকে নিয়ে আড়াই লাখ টাকাসহ বাড়ির নির্মাণসামগ্রী কিনতে নওগাঁর উদ্দেশে বের হন। পথে পাঁজরভাঙ্গা বাজার এলাকা থেকে মুখোশধারী সন্ত্রাসীদের একটি দল একটি মাইক্রোবাসে করে ওই গৃহবধূ ও তাঁর ছেলেকে অপহরণ করে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা সোমবার কশব ইউনিয়নের চক সিদ্ধেশ্বরী গ্রামের উজ্জ্বল হোসেন (৩২), তাঁর বাবা সেকেন্দার আলী (৫২) এবং আয়নাল হকসহ (৩৬) অজ্ঞাতনামা আরও তিনজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। গতকাল মঙ্গলবার বিচারক মামলাটি আমলে নিয়ে মান্দা থানার ওসিকে ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেন।
মামলার বাদী বলেন, তাঁর মেয়ে জামাই দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী। সম্প্রতি তাঁর মেয়ে স্বামীর পাঠানো টাকায় বাড়ি নির্মাণের কাজ শুরু করে। সেই বাড়িতে এখন রং ও টাইলস লাগানোর কাজ চলছে। তিনি আরও বলেন, ‘ওই নবনির্মিত বাড়ির রংমিস্ত্রির কাজ করত উজ্জ্বল ও তার বাবা সেকেন্দার। টাকার জন্যই উজ্জ্বল ও তার বাবা আমার মেয়ে ও নাতিকে অপহরণ করেছে।’ তিনি অভিযোগ করেন, ‘এ ঘটনার পরপরই থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করে। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।’
মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, এখনো আদালতের নির্দেশনা পাওয়া যায়নি। পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি বলে তিনি দাবি করেন।