ঢাকার ধামরাইয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর পুলিশ গতকাল সোমবার সিয়াম নামের চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে। কেরানীগঞ্জে নিখোঁজের দুই দিন পর গতকাল সন্ধ্যায় ধলেশ্বরী নদী থেকে আবদুল আজিজ (৩৬) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে গত শনিবার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে মেহেরাজ নামের পাঁচ বছরের এক শিশু অপহরণের শিকার হয়েছে। তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে দুই লাখ টাকা দাবি করা হচ্ছে। মেহেরাজ ওই এলাকার এনামুল হকের ছেলে। ধামরাইয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন মীর হোসেন নামের এক ব্যবসায়ী। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদী থেকে গত রোববার মাসুম হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণের টাকা না পেয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো প্রতিবেদন:
সাভার: সিয়াম ধামরাইয়ের উত্তর নওহাটা গ্রামের বাসচালক শহীদুল ইসলামের ছেলে। আর মীর হোসেন একই উপজেলার পাড়াগ্রাম গ্রামের চান মিয়ার ছেলে। ধামরাই থানার পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় সিয়াম নিখোঁজ হয়। এর তিন দিন পর গতকাল দুপুরের দিকে স্থানীয় মহিষাশী বাজারের পাশে একটি বাঁশঝাড়ের নিচে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে সিয়ামের স্বজনেরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেয়। সিয়ামের বাবা শহীদুল ইসলাম বলেন, তাঁর বড় ছেলে মুজাহিদ (১৩) ধামরাইয়ের শৈলান মাদ্রাসায় পড়ালেখা করে। শুক্রবার সন্ধ্যায় স্ত্রী শাহীদা বেগমকে নিয়ে ওই ছেলের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সিয়ামকে তাঁর সহকারী (হেলপার) সাইফুল ও সজীবের কাছে রেখে যান। সেখান থেকে বাড়িতে ফিরে সিয়ামকে আর পাওয়া যায়নি। এরপর থেকে সজীব আর সাইফুল গা ঢাকা দিয়েছেন।
ধামরাই থানার এসআই আলমগীর হোসেন বলেন, সিয়াম নিখোঁজ হওয়ার পর থেকে সাইফুল ও সজীবকে পাওয়া যাচ্ছে না। তার (সিয়াম) পরিবারও তাঁদের সন্দেহ করছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ধামরাইয়ের পাড়াগ্রাম গ্রামের তুলা মিয়া বলেন, তাঁর ছোট ভাই মীর হোসেন গত ৩০ আগস্ট বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকে তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে। তিনি বলেন, তাঁর ভাই নিখোঁজ হওয়ার পরের দিন (৩১ আগস্ট) তিনি ধামরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু গত এক সপ্তাহেও পুলিশ তাঁর ভাইয়ের কোনো হদিস করতে পারেনি।
আশুলিয়া থানার পুলিশের বিবরণ অনুযায়ী, শুক্রবার অভি নামের এক যুবক এনামুলের বাসার একটি কক্ষ ভাড়া নেন। এরপরের দিন সন্ধ্যায় অভি মেহেরাজকে অপহরণ করেন। এরপর থেকে অভি ও তাঁর সঙ্গীরা মেহেরাজের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ চাইছেন।
এনামুল হক বলেন, চকলেট খাওয়ানোর কথা বলে তাঁর ছেলেকে অভি বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর দীর্ঘ সময় বাসায় না ফেরায় তাঁদের সন্দেহ হয়। আশপাশে খোঁজাখুঁজি করে মেহেরাজকে না পেয়ে তিনি ওই দিন রাতে আশুলিয়া থানায় অভিযোগ করেন।
কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে নিহত আবদুল আজিজের বাবার নাম আ. কাদির। তাঁর বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায়। তাঁর ছোট ভাই মো. মুনসুর জানান, কদমতলী এলাকায় আদনান শেঠ মার্কেটে কাদির স্টিল নামে আবদুল আজিজের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। শনিবার বিকেলে বকেয়া টাকা তুলতে তাগাদার কথা বলে বড় ভাই দোকান থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে পরদিন সকালে কেরানীগঞ্জ মডেল থানায় একটি জিডি করেন।
মানিকগঞ্জ: মাসুম পাবনার বেড়া উপজেলার কাবাশকান্দা গ্রামের মুকুল শেখের ছেলে। তিনি সুজানগরের ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট দুপুরে মাসুমের চাচাতো বোন রুপা আক্তারের স্বামী আজিম হোসেন (৩০) মুঠোফোনে কলেজ থেকে ডেকে নিয়ে তাঁকে অপহরণ করেন। অপহরণের পর মুঠোফোনে মাসুমের পরিবারের কাছে আজিম ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ২৩ আগস্ট সুজানগর থানায় আজিমসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন মাসুমের বড় ভাই শিহাব উদ্দিন। এরপর অভিযান চালিয়ে আজিমের তিন সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ১ সেপ্টেম্বর আজিমকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি পাবনার মুখ্য বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি মাসুমকে অপহরণের পর হত্যার কথা স্বীকার করেন। সুজানগর থানার ওসি হাবিবুর রহমান বলেন, অপহরণের পর চৌহালীর যমুনা পাচুরিয়া চর এলাকায় নৌকায় মাসুমকে আটকে রাখা হয়। গত ২২ আগস্ট শ্বাসরোধে মাসুমকে হত্যা করে লাশ বস্তাবন্দী করে নদীর তীরে ফেলে রাখা হয়। দৌলতপুর থানার পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ছয়টার দিকে দৌলতপুরের বাঘুটিয়া এলাকায় বস্তাবন্দী এক তরুণের লাশ দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। রাত আটটার দিকে খবর পেয়ে মাসুমের লাশ উদ্ধার করে পুলিশ। থানায় এসে মাসুমের মামা রফিকুল ইসলাম তাঁর লাশ শনাক্ত করেন। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। দৌলতপুর থানার ওসি নাজমুল নিশাত বলেন, ময়নাতদন্তের পর গতকাল সোমবার তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।