শিশুসহ দুজনের লাশ উদ্ধার
নীলফামারীর ডিমলা উপজেলায় দুই দিনে শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলেছে, শিশুটিকে হত্যা করা হয়েছে।
ডিমলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গুচ্ছগ্রাম–সংলগ্ন একটি বাঁশঝাড় থেকে গতকাল বুধবার রাতে সুখমনি নামের চার বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, সুখমনি পরিবারের সঙ্গে দক্ষিণ বালাপাড়ার গুচ্ছগ্রামে থাকত। গতকাল বুধবার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। রাত ১০টার দিকে বাড়ির পাশে বাঁশঝাড়ে তার গলাকাটা লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে আজ সকালে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তাবাজারের অদূরে তিস্তা নদী থেকে তসলিম উদ্দিন (৫০) নামের এক কৃষকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামে।
তসলিমের পরিবার জানায়, গতকাল দুপুরে ঘাস কাটার জন্য তসলিম বাড়ি থেকে বের হন। ঘাস কাটা শেষে নদীতে মাছ ধরে বাড়িতে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তিনি বাড়ি ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। পরে আজ সকালে নদীতে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
এ দুটি ঘটনা সম্পর্কে জানতে চাইলে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, শিশুটিকে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে কৃষক তসলিম মারা গেছেন। পরিবারেরও কোনো অভিযোগ নেই। তাই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।