শিশুসহ পাঁচজন খুন
তিন জেলায় শিশু স্কুলছাত্র ও গৃহবধূসহ পাঁচজন খুন হয়েছেন। এর মধ্যে ফরিদপুরে গত রোববার তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় রোববার গভীর রাতে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বরগুনার পাথরঘাটা উপজেলায় নিখোঁজের দুই দিন পর রোববার সন্ধ্যায় এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
পূর্ব বিরোধের জেরে ফরিদপুর সদরের উত্তর শোভারামপুর এলাকায় গত রোববার সন্ধ্যা সাতটার দিকে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁরা হলেন দক্ষিণ শোভারামপুর এলাকার তারিক খান (৩০) ও রিপন শেখ (২৮)। তা ছাড়া তারিকের ভাই শরিফ খান (২৮) গুরুতর জখম হয়েছেন। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তারিক, রিপন ও শরিফ রোববার সন্ধ্যায় উত্তর শোভারামপুর এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসী হামলার শিকার হন। তিনজনকেই এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারিক ও রিপনকে মৃত ঘোষণা করেন।
এদিকে ফরিদপুর সদর উপজেলার কবিরপুর গ্রামে রোববার দুপুরে ফজল খান (৫৯) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি কবিরপুর গ্রামের এক বাড়িতে থাকতেন।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান বলেন, ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় একই গ্রামের সাজ্জাদ মোল্লার (২৮) সঙ্গে ফজলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সাজ্জাদ দা দিয়ে কোপ দিলে ফজলের মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে। পালিয়ে পাওয়ার সময় সাজ্জাদকে এলাকাবাসী আটক করেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর বালিয়াতলী গ্রামে হনুফা বেগম (৩৭) নামের এক গৃহবধূকে রোববার গভীর রাতে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সকালে ঘরের কাছে থেকে হনুফার লাশ উদ্ধার করে পুলিশ।
কলাপাড়া থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শিগগির আইনের আওতায় আনা হবে।
এদিকে বরগুনার পাথরঘাটা উপজেলায় মো. রিমন মিয়া (১১) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ রোববার সন্ধ্যা সাতটার দিকে বলেশ্বর নদ থেকে উদ্ধার করা হয়েছে। সে উপজেলার পশ্চিম কাঠালতলী গ্রামের জেলে জয়নাল আবেদীনের ছেলে ও কাঠালতলী সপ্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সে গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল।
পাথরঘাটা থানার এসআই মো. মাসুদ হোসেন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন কলাপাড়া (পটুয়াখালী) ও পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি এবং ফরিদপুর অফিস]