শিয়া মসজিদে হামলায় জেএমবি জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জড়িত। সংগঠনটির একজন নেতা ইয়াছিন আলী ১২ ডিসেম্বর বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফেরদৌস ওয়াহিদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে এ কথা স্বীকার করেন। জবানবন্দির বিষয়টি এত দিন প্রকাশ পায়নি।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গতকাল সোমবার প্রথম আলোকে আদালতে ইয়াছিন আলীর স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তদন্তে নিশ্চিত হওয়া গেছে, শিয়া মসজিদে ওই হামলার ঘটনা ছিল জেএমবির পূর্বপরিকল্পিত। হামলার কারণ, হামলাকারীদের সংখ্যা ও নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
মামলার তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জবানবন্দিতে ইয়াছিন বলেছেন, ধর্মীয় মতাদর্শগত পার্থক্যের কারণে জেএমবি পূর্বপরিকল্পনা মোতাবেক গত ২৬ নভেম্বর মাগরিবের নামাজের সময় শিবগঞ্জ উপজেলার চককানুপুর গ্রামে মসজিদ-ই-আল মোস্তফা শিয়া মসজিদে হামলা করে। ওই হামলায় ইয়াছিনসহ তিনজন জড়িত ছিলেন।
পুলিশ বলছে, ইয়াছিন আলী নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির বগুড়া অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতা। তিনিই শিয়া মসজিদে হামলার মূল পরিকল্পনাকারী। তাঁকে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি জয়পুরহাটের সদর থানার সোড়াহার গ্রামে।
বগুড়ার পুলিশ সুপার বলেন, ইতিপূর্বে অন্য মামলায় গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের ‘আঞ্চলিক কমান্ডার’ মেহেদী হাসান ওরফে জেহাদ কাজীর দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াছিনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। এই মেহেদী হাসানের বাড়ি বগুড়া সদরের মধ্যপালশা মহল্লায়।
অপর একটি সূত্র জানায়, এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় জেএমবি নতুন করে সংগঠিত হয়েছে।
২৬ নভেম্বর শিয়া মসজিদে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৫৮) মারা যান। মসজিদের ইমামসহ তিনজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় ওই রাতেই শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়।
ঘটনার পরপরই পুলিশ শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগাড়া থেকে জেএমবির সদস্য আনোয়ার হোসেন, হরিপুর গ্রাম থেকে মাদ্রাসাছাত্র জুয়েল মিয়া ও হেফাজতে ইসলামের জেলা কমিটির আহ্বায়ক মাওলানা শামসুল ইসলামকে গ্রেপ্তার করে।
এ মামলার তদন্তকাজে সহায়ক কমিটির প্রধান ও বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল প্রথম আলোকে বলেন, শুরুতে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য মেলেনি। পরে আনসারুল্লাহ বাংলা টিমের মেহেদী হাসানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তরাঞ্চলের একটি জেলা থেকে ইয়াছিনকে আটক করা হয়।