শীতলক্ষ্যা নদী দখল করে বালুর ব্যবসা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রায়েরটেক গ্রামের পাশে শীতলক্ষ্যা নদী দখল ও ভরাট করে এক ব্যক্তি বালুর ব্যবসা করছেন। এলাকাবাসী ও পরিবেশবাদী সংগঠনের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন নিষেধাজ্ঞা দিলেও তা অমান্য করে ব্যবসা করে যাচ্ছেন তিনি।
এলাকাবাসী জানান, এক মাস ধরে গ্রামের জাকির হোসেন ও তাঁর সহযোগীরা ওই এলাকায় বালুর ব্যবসা করছেন। নদী দখল করে ব্যবসা করার অভিযোগ এনে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ও এলাকাবাসী গত সপ্তাহে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে ইউএনওর নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখল করা স্থান থেকে বালু সরানোর নির্দেশ দেয়। এ ছাড়া স্থানীয় ভূমি অফিসও জাকির হোসেনকে বালুর ব্যবসা বন্ধ রাখার জন্য নোটিশ দেয়।
সেনপাড়া গ্রামের আলী জাফর ও নজরুল ইসলাম জানান, জাকির এর আগে কাঁচপুর সেতুর নিচে নদী দখল করে বালুর ব্যবসা করেন। প্রশাসন তা বন্ধ করে দেওয়ার পর জাকির তাঁর সহযোগীদের নিয়ে রায়েরটেক গ্রামের পাশে নদী দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রশাসন নিষেধাজ্ঞা দিলেও প্রভাবশালী হওয়ার কারণে তিনি কারও কথা শুনছেন না।
পরিবেশবাদী সংগঠন নির্ভীক-এর সদস্য আনোয়ার হোসেন বলেন, নদী দখল করে বালুর ব্যবসা করার বিষয়টি প্রশাসনকে জানানো হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, নদীর জায়গায় বালুর বস্তা ফেলে তা দখল করে বিভিন্ন স্থান থেকে জাহাজে করে বালু এনে শ্রমিকেরা নদীর তীরে জমা করে রাখছেন। সেখান থেকে ট্রাকে করে এসব বালু অন্য জায়গায় নিয়ে বিক্রি করা হচ্ছে।
জাকির হোসেন বলেন, ‘আমি ব্যক্তিমালিকানার জমিতে বালুর ব্যবসা করছি। এখানে ব্যবসা করতে গিয়ে নদীর সামান্য জায়গা ভরাট করা হয়েছে। তবে দখল করা হয়নি।’
ইউএনও আবু নাছের ভূঁইয়া জানান, নদী দখল করে বালুর ব্যবসা বন্ধ করতে ইতিমধ্যে পুলিশের মাধ্যমে নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।