নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। এ সময় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে কিছু দখলদার লাঠিসোঁটা নিয়ে অভিযান বন্ধের চেষ্টা করে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে এগারোটা থেকে আড়াইটা পর্যন্ত নারায়ণগঞ্জের বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে শতাধিক অবৈধ স্থাপনা এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। অভিযান চলাকালে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জের যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন, উপপরিচালক গোলাম মোস্তফা, সহকারী পরিচালক রেজাউল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। উচ্ছেদ করা হয় একটি বাজার, মুক্তিযোদ্ধা ডকইয়ার্ড ও আবুল হোসেন ডকইয়ার্ডের অবৈধ স্থাপনা। অভিযান শুরুর পর নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এসে উচ্ছেদ কার্যক্রমের প্রশংসা করেন।
বিকেলে মুক্তিযোদ্ধা ডকইয়ার্ডের নামে স্থাপিত সাইকেল স্ট্যান্ড এবং সততা একতা সমবায় সমিতির (ময়মনসিংহ পট্টি) নামে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে বাধার সম্মুখীন হয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। সততা একতা সমবায় সমিতির নামে ওই এলাকায় অন্তত তিন শতাধিক অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, শুরুতে উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার লিমিটেডের পক্ষে মুক্তিযোদ্ধা কাজী নাসির তাঁদের স্থাপনা উচ্ছেদ না করতে করজোড়ে অনুরোধ জানান। এ সময় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জের যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন তাঁদের বলেন, ‘আপনারা ডকইয়ার্ডের নামে লিজ (ইজারা) আনলেও অবৈধ স্থাপনা গড়ে তুলে ভাড়া আদায় করছেন। আমি আপনাদের লিজ বাতিল করব।’
এরপর ময়মনসিংহ পট্টি উচ্ছেদ করতে গেলে অবৈধ দখলদারেরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলার চেষ্টা চালান। তবে আরিফ উদ্দিন অনড় থাকায় তাঁরা পিছু হটেন। পরে পাশের একটি ডকইয়ার্ডের সামনে ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ১ ডিসেম্বরের আগেই অবৈধ দখলদারেরা দখল ছেড়ে দেবে।
আরিফ উদ্দিন বলেন, ‘মানবিক দিক বিবেচনা করে অবৈধ দখলদারদের সময় দেওয়া হয়েছে। তবে ১ ডিসেম্বরের মধ্যে তারা অবৈধ দখল না ছাড়লে কোনো বাধা মানা হবে না। শীতলক্ষ্যা নদীকে দখলমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর।’